বিশ্ব
সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২০
সুদানের পশ্চিমাঞ্চলের উত্তর দারফুর রাজ্যের একটি এলাকায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বুধবার এ তথ্য জানিয়ে দারফুর অঞ্চলের গভর্নর মিন্নি আরকো মিন্নাভি নিজের ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘আরএসএফ এল ফাশের শহরের দক্ষিণে আবু জেরিগা এলাকায় গণহত্যা চালিয়েছে।’
মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে জানান মিন্নাভি।
এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলোকে অপরাধ নথিভুক্ত করতে তদন্ত দল পাঠানো এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে কাজ করার আহ্বান জানান তিনি।
ওই অঞ্চলে গভীর মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টা জোরদার করতে ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর।
তবে হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক।
এই হামলার বিষয়ে আরএসএফ কোনো মন্তব্য করেনি।
গত ১০ মে থেকে এল ফাশারে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সুদানে চলমান যুদ্ধে ২৭ হাজার ১২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং দেশে ও বিদেশে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
৪৫৬ দিন আগে
ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে।
বুধবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেন, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪ হাজার ৪৭ জন লেবানিজ নিহত ও ১৬ হাজার ৫৯৩ জন আহত হয়েছেন।
তিনি বলেন, নিহতদের মধ্যে ৩১৬টি শিশু ও ৭৯০ জন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১ হাজার ৪৫৬টি শিশু ও ৩ হাজার ৩৫৭ জন নারী।
আবিয়াদ জানান, এ পর্যন্ত ৬৭টি হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল, যার মধ্যে ৪০টি হাসপাতালে সরাসরি আঘাত করা হয়েছে। পাশাপাশি আরও সাতটি হাসপাতাল বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে।
২০০৬ সালে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর এটিকেই সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ শুরুর পর গত ২৭ নভেম্বর দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।
আরও পড়ুন: যুদ্ধবিরতির পর লেবাননের বাস্তুচ্যুত মানুষ বাড়ি ফিরছে
যুদ্ধবিরতি চুক্তির অধীনে উভয় পক্ষই ৬০ দিনের জন্য লড়াই-হামলা বন্ধে সম্মত হয়েছে। এছাড়া ধীরে ধীরে দক্ষিণ লেবানন থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিচ্ছে ইসরায়েল এবং লিটানি নদীর উত্তরাঞ্চল থেকে পিছু হটছে হিজবুল্লাহ।
যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। ফলে ফের যুদ্ধ শুরু হওয়ার চরম উত্তেজনা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের সামরিক গোয়েন্দা সংস্থার একটি সূত্র বুধবার সিনহুয়াকে জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর শেবার পশ্চিমে চারটি সামরিক স্থাপনায় ফের সেনা মোতায়েন করেছে দেশটির সেনাবাহিনী।
৪৫৬ দিন আগে
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় ইয়োবে রাজ্যে বাস দুর্ঘটনায় অন্তত অন্তত ১২ জন নিহত হয়েছেন। অতিরিক্ত যাত্রীবোঝাই একটি মিনিবাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে বাসে আগুন ধরে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বাইমারি-গেইদাম সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাইজেরিয়ার ট্রাফিক পুলিশের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার লিভিনাস ইলজুম।
তিনি বলেন, দুর্ঘটনার পর আগুনের তীব্রতা থাকায় মিনিবাসের চালকসহ হতাহতরা অগ্নিদগ্ধ হন।
ট্রাফিক পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ইলজুম বলেছেন, ট্রাকটি সড়ক রোধ করে দাঁড়িয়ে ছিল এবং যাত্রীবোঝাই মিনিবাসটিতে অতিরিক্ত গতি ছিল।
৪৫৬ দিন আগে
দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো অন্তত একটি ক্ষেপণাস্ত্র দিয়ে মাওয়াসি এলাকায় আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়।
গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স একটি সংবাদ বিবৃতিতে বলেছে, তাদের দল ইসরায়েলি হামলার পর তাঁবুতে ছড়িয়ে পড়া আগুন নেভাতে কাজ করছে।
চিকিৎসকরা জানিয়েছেন, উদ্ধারকারী দল পাঁচ শিশুসহ অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৩২ জনে দাঁড়িয়েছে।
৪৫৬ দিন আগে
ফিলিপাইনে ট্রাকচাপায় নিহত ৭
ফিলিপাইনে পথচারীদের ওপর একটি ট্রাক উঠিয়ে দেওয়ার ঘটনায় চাপা পড়ে অন্তত ৭ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কোটাবাটো প্রদেশে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ চিফ মাস্টার সার্জেন্ট রিচি ডেসুলগা জানান, সকালে মাকিলালা শহরের একটি মহাসড়কে সারের বস্তা বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী, যানবাহন ও সড়কের পাশের একটি বাড়িতে চাপা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ট্রাক থেকে পড়ে যাওয়া সারের বস্তার নিচে চাপা পড়েছেন হতাহতরা।
আহত ছয়জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডেসুলগা।
৪৫৬ দিন আগে
অনাস্থা ভোটে ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত
ফ্রান্সের জাতীয় পরিষদ সদস্যদের অনাস্থা ভোটে পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। এর ফলে ফ্রান্সের বর্তমান সরকারের পতন ঘটছে।
স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই ভোটাভুটি হয়।
ফ্রান্সে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে জাতীয় পরিষদ সদস্যদের ন্যূনতম ২৮৯টি ভোটের প্রয়োজন হয়। সেখানে বার্নিয়ারকে ক্ষমতাচ্যুত করতে ৩৩১টি ভোট পড়েছে।
দেশটির বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) ও উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) নেতাদের অধিকাংশই বার্নিয়ারের বিপক্ষে ভোট দিয়েছেন। এর ফলে, ১৯৬২ সালের পর বার্নিয়ারই প্রথম ফরাসি প্রধানমন্ত্রী যাকে অনাস্থা ভোটে পদত্যাগ করতে বাধ্য করা হলো।
আরও পড়ুন: ফ্রান্স-বাংলাদেশ সম্ভাব্য রাফাল চুক্তি নিয়ে প্রতিবেদনটি 'অসত্য': প্রধান উপদেষ্টার প্রেস উইং
ফ্রান্সের সংবিধান অনুযায়ী, বার্নিয়ারকে এখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে পদত্যাগপত্র স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে বলে গণ্য করা হয়ে থাকে।
ভোটাভুটির আগে ফরাসি সংসদ সদস্যদের সঙ্গে কথা বলার সময় ২০২৫ সালের সামাজিক নিরাপত্তা বাজেট পাস করতে বাধ্য করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গান বার্নিয়ার। তিনি বলেন, ‘শোনা, শ্রদ্ধা ও সংলাপের মনোভাব দেখানোর পরই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
ফ্রান্স ব্যাপক ঘাটতির মধ্যে রয়েছে উল্লেখ করে বার্নিয়ার বলেন, ‘এটিই এখন বাস্তবতা। অনাস্থা ভোটের মাধ্যমে আমাকে সরিয়ে দিলেও রাতারাতি এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। (আমার পর) যে-ই দায়িত্ব নিক, তাকে এই বাস্তবতার মুখোমুখি হতে হবে।’
অনাস্থা ভোটে সাফল্য পেলেও এটিকে বিজয় হিসেবে দেখতে নারাজ সাবেক কট্টর ডানপন্থী নেত্রী মারিন লে পেন।
তার ভাষ্যে, ‘এর মাধ্যমে আমরা দেশের নাগরিকদের রক্ষা করেছি মাত্র। এটি ছাড়া সামনে আর কোনো পথ খোলা ছিল না।’
নির্বাচনের ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রেখে এনএফপি থেকে কাউকে ফ্রান্সের প্রধানমন্ত্রী করা হবে, এটিই প্রাথমিকভাবে সবাই ধরে নিয়েছিল, কিন্তু মাক্রোঁ বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। এমন পদক্ষেপের পর তিনি বামপন্থী দলগুলোর দ্বারা ব্যাপকভাবে সমালোচিত হন।
এরপর ২০২৪ সালের ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দলের পরাজয়ের পর ৯ জুন ফ্রান্সের বর্তমান সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন মাক্রোঁ।
আরও পড়ুন: ফ্রান্সের নির্বাচনে বেশি আসনে জয় বাম জোটের, প্রধানমন্ত্রীর পদত্যাগ
বার্নিয়ার সরকারের পতনের ফলে এক মাসেরও কম সময়ের মধ্যে ২০২৫ সালের জন্য অনুমোদিত বাজেট তৈরির চ্যালেঞ্জের সামনে পড়ল ফ্রান্স।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভির খবরে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করবেন প্রেসিডেন্ট মাক্রোঁ। সৌদি আরব সফর থেকে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
৪৫৬ দিন আগে
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির পর ব্যাপক সমালোচনার মুখে দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল।
কিমের স্থলাভিষিক্ত হিসেবে সৌদি আরবে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চোই বিয়ুং-হিউককে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিরোধী ডেমোক্রেটিক পার্টি কিমকে অভিশংসনের প্রস্তাব উত্থাপনের পরপরই বুধবার পদত্যাগ করেন তিনি। ইয়ুনের পিপলস পাওয়ার পার্টির নেতারাও সামরিক আইন জারির পরামর্শ দেওয়ার জন্য তার অপসারণেরও দাবি জানিয়েছেন।
এমতাবস্থায় দায় স্বীকার করে কিম বলেন, সামরিক আইন সম্পর্কিত সমস্ত পদক্ষেপ তার কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়েছিল। জনসাধারণের ‘উদ্বেগ ও বিভ্রান্তি’র জন্য ক্ষমাও চান তিনি।
আরও পড়ুন: বন্যায় মালয়েশিয়া ও থাইল্যান্ডে ৩০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত সহস্রাধিক
সামরিক আইনের ডিক্রি জারি এবং পরে প্রত্যাহারের পর পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ইয়ুন। এরই মধ্যে ছয়টি বিরোধী দল তাকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছে। শুক্রবার বা শনিবার মধ্যরাতের মধ্যে এ বিষয়ে সংসদে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইউনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি।
মঙ্গলবার গভীর রাতে আকস্মিক ভাষণে সামরিক আইন জারির মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এমনকি তাদের কৌঁসুলিদের অভিশংসন এবং একটি সরকারি বরাদ্দ প্রস্তাব আটকে দেওয়ার চেষ্টা করার কথা উল্লেখ করা হয়েছে।
তবে ৩০০ আসনের সংসদের ১৯০ ভোটে আইনপ্রণেতারা দ্রুত আদেশটি বাতিল করে দেন। ফলে ইয়ুন আদেশ প্রত্যাহার করে বুধবার ভোরেই মোতায়েন করা সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেন।
সূত্র: সিএনএন
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় ভিয়েতনামের ৩৮ পর্যটক নিখোঁজ
৪৫৭ দিন আগে
ইরানে সাময়িক মুক্তি পেল নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান। ক্যান্সারের উদ্বেগ মোকাবিলায় একটি জটিল অস্ত্রোপচারের পর তাকে তিন সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) ইরানের একটি কারাগার থেকে নোবেল জয়ী নার্গিসকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার সমর্থকরা।
তেহরানের ফুটেজে দেখা গেছে, উন্মুক্ত কালো চুল এবং কাপড় দিয়ে ডান পা ঢাকা অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে বের হচ্ছেন মোহাম্মদী। রাস্তায় নেমে চিৎকার করে বলেন, ‘হ্যালো স্বাধীনতা! নারী, জীবন, স্বাধীনতা! স্বাধীনতা আমাদের অধিকার! স্বাধীনতা দীর্ঘজীবী হোক!’
মোহাম্মদীর সমর্থনদের তথ্যমতে, তিনি ২১ দিনের সাময়িক মুক্তি পেয়েছেন। পরে আবারও তাকে সাজা ভোগ করতে কারাগারে যেতে হবে বলে ধারণা করা হচ্ছে। নার্গিসের সমর্থকরা তার স্থায়ী মুক্তির আহ্বান জানালেও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে তার চিকিৎসা ছুটির কথা স্বীকার করেনি।
সমর্থকরা যুক্তি দিয়ে বলেছেন যে, ৫২ বছর বয়সী মোহাম্মদীর সঠিকভাবে নিরাময়ের জন্য নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে কমপক্ষে তিন মাস থাকা প্রয়োজন। একই সঙ্গে তারা বলেছে, শান্তিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনার জন্য তাকে সাজা দেওয়া অন্যায় ছিল বলে জোর দেন তারা।
মোহাম্মদী বর্তমানে রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যা প্রচারণা ছড়ানোর অভিযোগে ১৩ বছর ৯ মাসের সম্মিলিত কারাদণ্ড ভোগ করছেন। বারবার গ্রেপ্তার এবং দীর্ঘায়িত কারাবাস সত্ত্বেও তিনি মাহসা আমিনির মৃত্যুর পরে ২০২২ সালের নারী নেতৃত্বাধীন বিক্ষোভকে সমর্থন করেন। মানব ও নারী অধিকারের পক্ষে সমর্থন অব্যাহত রেখেছেন তিনি। তার সময় অনেক নারী ইরানে হিজাবের বাধ্যবাধকতা অমান্য করেছিলেন।
কারাবাসের সময় নার্গিস মোহাম্মদীর স্বাস্থ্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২২ সালে একাধিক হার্ট অ্যাটাক এবং জরুরি অস্ত্রোপচারের বিষয়টি জানিয়েছেন তার সমর্থকরা।
চলতি মাসের শুরুতে তার আইনজীবী জানান, ক্যান্সার সন্দেহে একটি হাড়ের ক্ষতের কারণে তার সাম্প্রতিক অস্ত্রোপচারের করা হয়।
রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্সের রেবেকা ভিনসেন্ট মোহাম্মদীর সাময়িক মুক্তির বিষয়ে স্বস্তি প্রকাশ করেছেন। এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন তিনি। তবে বাড়িতে পর্যাপ্ত চিকিৎসার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।
ভিনসেন্ট বলেন, 'আমরা তার স্বাস্থ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং ইরানি কর্তৃপক্ষকে তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
মোহাম্মদীর মুক্তি ইরানে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ অসন্তোষের সঙ্গে মিলে গেছে। দেশটিতে পারমাণবিক কর্মসূচি নিয়ে নিষেধাজ্ঞার ফলে অর্থনৈতিক টানাপোড়েনের কারণে বিক্ষোভ শুরু হতে থাকে। পরে সরকার এসব বিক্ষোভ দমন করতে শুরু করে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার প্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের নীতি পুনরায় শুরু করার বিষয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে, যা দেশটির চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে।
আরও পড়ুন: হিজাব ইস্যু: মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
৪৫৭ দিন আগে
বন্যায় মালয়েশিয়া ও থাইল্যান্ডে ৩০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত সহস্রাধিক
প্রবল বন্যায় মালয়েশিয়া এবং দক্ষিণ থাইল্যান্ডে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। উভয় দেশ আরও প্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের আগে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটির পূর্ব উপকূলে পাঁচ দিনের অপ্রত্যাশিতভাবে কেলানতান ও তেরেঙ্গানুতে ছয় মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বন্যায় বিস্তীর্ণ ধানখেত ডুবে গেছে। এতে কৃষকদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়। রাস্তাঘাট, ঘরবাড়ি এবং সরকারি অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকারী দলগুলো ক্রমবর্ধমান পানির কারণে আটকে পড়াদের উদ্ধার ও প্রয়োজনীয় পণ্য সরবরাহে নৌকা ব্যবহার করে।
আরও পড়ুন: ‘সারা’র প্রভাবে হন্ডুরাসের উত্তর উপকূলে বন্যা ও ভূমিধসের সতর্কতা
বন্যার পানি অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় নিজের জিনিসপত্র বাঁচানোর চেষ্টার ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন কেলানতানের টুমপাট জেলার শ্রমিক আইয়ুব ওথমান।
আরেকজন গ্রামবাসী আসমাহ ইব্রাহিম তার বাড়ি মেরামতের আর্থিক বোঝা নিয়ে হতাশা প্রকাশ করেন। বাড়ি মেরামতে অন্তত ৪০ হাজার রিঙ্গিত (৯ হাজার ডলার) খরচ হবে বলে ধারণা করছেন তিনি।
আনোয়ার সংসদে বলেন, বন্যা সম্পর্কিত অবকাঠামো মেরামতের পরিমাণ ১ বিলিয়ন রিঙ্গিত (২২৪ মিলিয়ন ডলার) হতে পারে। বন্যায় যাদের সম্পদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে। সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাত কমলেও আবহাওয়াবিদরা রবিবার থেকে নতুন করে বৃষ্টিপাত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন।
আরও পড়ুন: সুমাত্রা দ্বীপে ভূমিধস-বন্যায় নিহত ১৬
ন্যাশনাল ডিজাস্টার কমান্ড সেন্টারের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার সাতটি রাজ্যের প্রায় ৮৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। বাস্তুচ্যুত ব্যক্তিদের অধিকাংশই কেলানতান ও তেরেঙ্গানু। এই বন্যায় মালয়েশিয়ায় ছয়জন এবং থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, বন্যায় তিন লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্কুল ও ৯৮টি স্বাস্থ্য সেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এছাড়া ৩৪ হাজার ৩৫৪ জন মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত আরও ভারী বৃষ্টিপাত মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকারী দল এবং সরঞ্জাম মোতায়েন করছে।
বন্যার কারণে পর্যটন খাতেও ধস নেমেছে। মালয়েশিয়ার কর্মকর্তারা সতর্কতামূলকভাবে দক্ষিণ থাইল্যান্ডের জনপ্রিয় অবকাশ যাপনের গন্তব্যগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: থাইল্যান্ডে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫
৪৫৮ দিন আগে
থাইল্যান্ডে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বন্যার পানি ধীরে ধীরে নেমে গেলেও এখনও ছয়টি প্রদেশ পানিতে নিমজ্জিত রয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে, ২২ নভেম্বর থেকে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় থাইল্যান্ডের ১০টি প্রদেশের ৬ লাখ ৬৪ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ২৯ হাজার বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
থাই সরকারের ডেপুটি মুখপাত্র সাসিকর্ন ওয়াথানাচান জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে আর্তদের সহায়তায় দেশটির প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ জোরদার, জনস্বাস্থ্য কর্মী ও পরিবহনের পাশাপাশি যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।
এদিকে, থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মাঝারি মাত্রার উত্তর-পূর্ব মৌসুমি বায়ু এবং দক্ষিণ চীন সাগরের নিম্নাঞ্চল, দক্ষিণ থাইল্যান্ড ও মালয়েশিয়ার ওপর দিয়ে অগ্রসর হওয়া একটি নিম্নচাপের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলের নিম্ন এলাকার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের আগামী কয়েকদিন আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক করা হয়েছে।
৪৫৮ দিন আগে