ঠাকুরগাঁওয়ে শনিবার ভোরে হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে চারটি পরিবারের অন্তত ছয়টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ দুর্যোগে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে হঠাৎ করেই ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়।
সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় প্রবল বাতাসে একটি বিশাল গাছ ভেঙে পড়ে নিজাম উদ্দিনের বসতঘরের ওপর। এ সময় পরিবারের অন্য সদস্যরা দ্রুত ঘর থেকে বের হতে সক্ষম হলেও নিজাম উদ্দিন ঘরের ভেতরেই আটকা পড়েন। পরে স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধী নিচ্ছেন।