অক্টোবরের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা দাম প্রতি কেজিতে ২১ টাকা বাড়িয়েছে সরকার। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম এদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নিয়ন্ত্রক সংস্থাটি অক্টোবরের জন্য ভ্যাটসহ বেসরকারি এলপিজির খুচরা দাম প্রতি কেজি ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করেছে, যা সেপ্টেম্বরে ছিল ১৩২ টাকা ৮ পয়সা।
সেপ্টেম্বরের জন্য নির্ধারিত দামে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা হয়েছিল। সৌদি আরামকোর কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) বাড়ার পরিপ্রেক্ষিতে অক্টোবরে এলপিজির দাম বাড়ল।
অক্টোবরে প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টনে ৭১২ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৬৪৭ দশমিক ৭৫ ডলার। ৩৫:৬৫ অনুপাতের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।
অক্টোবরে ৫ দশমিক ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭২৭ টাকা। আর ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা করা হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১ হাজার ৬৫২ টাকা।
১৫ কেজি, ২০ কেজি ও ৪৫ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ২ হাজার ২৯৬ টাকা, ৩ হাজার ৬১ টাকা ও ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরে এসব সিলিন্ডারের দাম ছিল যথাক্রমে ১ হাজার ৯৮২ টাকা, ২ হাজার ৬৪২ টাকা ও ৫ হাজার ৯৪৫ টাকা।
মোটরযানে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অক্টোবরে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি, যা সেপ্টেম্বরের দাম ৭৩ টাকা ৯ পয়সার তুলনায় ১১ টাকা ৫৩ পয়সা বেশি।
পাইপলাইনভিত্তিক ব্যবস্থায় সরবরাহ করা এলপিজির ভোক্তা পর্যায়ের দাম তরল অবস্থায় প্রতি কেজি ১৪৯ টাকা ৩১ পয়সা এবং গ্যাসীয় অবস্থায় প্রতি লিটার ৩৩ দশমিক ১৯ পয়সা বা প্রতি ঘনমিটার ৩৩১ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এদিকে গত ২৩ ফেব্রুয়ারি জারি করা আদেশ অনুযায়ী ডিলার ও খুচরা পর্যায়ে রাষ্ট্রীয় মালিকানাধীন এলপিজির ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সায় অপরিবর্তিত রেখেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিইআরসি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সধারীদের সংশোধিত দামে পরিবেশকদের কাছে এলপিজি বিক্রি এবং সে অনুযায়ী মূসক চালান বা ডেলিভারি অর্ডার (ডিও) ইস্যু করার নির্দেশও দিয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সরবরাহে ঘাটতি এবং খুচরা পর্যায়ে দাম বাড়ার খবরের মধ্যে এই মূল্যবৃদ্ধি করা হলো। সেপ্টেম্বরে বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করলেও সরবরাহ সংকটের কারণে কিছু এলাকার ভোক্তারা এর চেয়ে উল্লেখযোগ্য বেশি দামে এলপিজি কিনেছেন।