ওমানের দক্ষিণ আল বাতিনাহর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বুধবার সকালে চট্টগ্রারের রাঙ্গুনিয়ায় জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়।
এ সময় রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন। তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে আনার ব্যবস্থা করায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টার প্রশংসা করেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য পরিবারগুলোকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এরপর আজ (বুধবার) ভোরে চার ভাইয়ের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজাপাড়া এলাকায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে চার ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বন্দেরাজাপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে পাশাপাশি খনন করা চারটি কবরে তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন— রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ।
গত ১২ মে রাতে আল মিলিদ্দা, আল মোছানা স্টেট অব আল বাতিনাহ এলাকায় গাড়ি চালু থাকা অবস্থায় এসির এক্সহস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস শ্বাসের সঙ্গে গ্রহণ করায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় রয়্যাল ওমান পুলিশ তদন্ত শুরু করেছে এবং আবদ্ধ গাড়ির ভেতরে ঘুমানো থেকে বিরত থাকার সতর্কতা জারি করেছে।