কৃষিকাজ থেকে পর্যাপ্ত আয় না হওয়াই কৃষিশ্রমিক পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ার প্রধান কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ খাতকে লাভজনক করতে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সফরকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘মাঠে গিয়ে দেখবেন, শ্রমিক পাওয়া যায় না। কারণ কী? কারণ হচ্ছে, সে মাঠে একটু কাজ করে যে আয় করে, সেটা তার জীবনযাপনের জন্য যথেষ্ট নয়।’
তিনি আরও বলেন, কৃষিতে শ্রমিকের সংকটকে শুধু শ্রমিক খুঁজে পাওয়ার সমস্যা হিসেবে বিবেচনা করা উচিত নয়। মানুষকে এই পেশার প্রতি নিরুৎসাহিত করা মূল অর্থনৈতিক কারণগুলোরও সমাধান করতে হবে।
মির্জা ফখরুল বলেন, কৃষিকাজ এখন আর লাভজনক না হওয়ায় মানুষ এ পেশা ছেড়ে চলে যাচ্ছেন। এ বিষয়ে আপনাদের কাজ করতে হবে এবং কৃষিকে লাভজনক করার উপায় খুঁজে বের করতে হবে।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করার সময় এসেছে।
তরুণদের আত্মত্যাগ ও গণ-অভ্যুত্থান গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার বিরল সুযোগ তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এই সুযোগ কাজে লাগাতে হবে। সবাই একটু ধৈর্য ধরে ধীরে ধীরে যদি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা সফল হতে পারব বলে বিশ্বাস করি।
সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, কৃষি সচিব মো. সেলিম খান, বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির ও ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বারির মহাপরিচালকের স্বাগত বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানে কৃষিমন্ত্রীও বক্তব্য দেন।
এর আগে সকাল সোয়া ১০টায় রাষ্ট্রপতি বারিতে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।
পরে তিনি প্রতিষ্ঠানটির জিন ব্যাংক ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্রে বারি কাঁঠাল-৬ জাতের একটি চারা রোপণ করেন।