১৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার গুঞ্জনের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাস্তবতা ও আকাঙ্ক্ষা, দুটি ভিন্ন বিষয়। তাকে কেবল প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব, তাও হাতকড়া পরিয়ে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের ব্রিফ করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘বাস্তবতা ও আকাঙ্ক্ষা, দুটি ভিন্ন বিষয়। বাস্তবতা হলো, কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনো উপায়ে দেশে ফিরতে দেওয়া হবে না। হেঁটে বা বিমানে করে আসার আকাঙ্ক্ষা থাকতে পারে। তবে তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়েই ফিরিয়ে আনা সম্ভব।’
তিনি আরও বলেন, কেউ ক্ষোভ থেকে পরামর্শক নিয়োগ করে এবং অর্থ খরচ করে যেকোনো কিছু লেখাতে পারেন। কিন্তু সবাই জানেন শেখ হাসিনা একজন সন্ত্রাসী এবং দিল্লি থেকে ‘হাসিনা আপা’ সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করছেন।
বাংলাদেশে ধারাবাহিক বিচ্ছিন্ন হামলার জন্য দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘আওয়ামী সন্ত্রাসীদের’ দায়ী করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এসব ঘটনায় সাধারণ মানুষ জড়িত নন বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী কারা? আওয়ামী সন্ত্রাসীরা। বাংলাদেশের মানুষ এসব হামলা চালায়নি। হাসিনা আপার পৃষ্ঠপোষকতায় আওয়ামী সন্ত্রাসীরা এসব করছে। এটা সবাই জানে। এটা রকেট সায়েন্স নয়।’
হুমায়ুন কবির বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে তিনি অনেক জায়গায় লেখাতে পারেন। কিন্তু বাস্তবতা ও আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য করতে হবে।’
সাম্প্রতিক হামলার বিষয়ে সরকারের প্রতিক্রিয়া এবং সামনের দিনগুলোর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় সরকার আত্মবিশ্বাসী।
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় দৃঢ়ভাবে জনগণের পাশে আছি। আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।’
বিচ্ছিন্ন হামলাগুলোকে আওয়ামী লীগ কর্মীদের মানুষকে ভয় দেখানোর চেষ্টা হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের এসব বিচ্ছিন্ন হামলার উদ্দেশ্য মানুষকে আতঙ্কিত করা। কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে না। পরিস্থিতি দেখলে মনে হবে, সন্ত্রাসীরাই বরং আতঙ্কিত।’
হামলায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ার আগে ‘জয় বাংলা’ স্লোগান দেন বলেও দাবি করেন তিনি।