জাতীয় কবি কাজী নজরুল ইসলামর ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করতে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বেলা ১১টা ০৬ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে বের হন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি ইউএনবিকে জানান, আজ (শনিবার) সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তার তেজগাঁওয়ের কার্যালয়ে পৌঁছান। সেখানে আয়োজিত স্পোর্টস কার ও বৈদ্যুতিক যানবাহনের (ইভি) একটি প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, পরে আরেকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বেলা ১১টা ৬ মিনিটে সেখান থেকে তার গাড়িবহর ত্রিশালের উদ্দেশে যাত্রা শুরু করে।
সফর সূচি অনুযায়ী, দুপুরে সেখানে গিয়ে প্রথমে ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় তিনি ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন।
বিকেল ৫টায় স্থানীয় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তারপর সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।