সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের বিরতির সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করেন।