নেপালের উত্তরাঞ্চলে সাম্প্রতিক আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
শোক বইয়ে প্রতিমন্ত্রী লেখেন, ‘আমরা যখন একসঙ্গে দাঁড়িয়েছি, তখন আমরা আত্মবিশ্বাসী যে নেপালের জনগণ দৃঢ়তা ও সাহসের সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা ও শক্তি রাখে।’
গত ২৬ আগস্ট নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক সম্পদ ও অবকাঠামোর ধ্বংসের ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গভীর শোকের এই সময়ে ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি বাংলাদেশের আন্তরিক চিন্তা ও প্রার্থনা রয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।