ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার দিবাগত রাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এক বার্তায় বলেছে, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।
নিষেধাজ্ঞা চলাকালে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাত, কেনাবেচা ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এর আগে মা ইলিশ রক্ষায় গত ৮ থেকে ২৯ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডিমওয়ালা ইলিশের ছাড়া ডিম থেকে ফোটা পোনা পাঁচ থেকে আট মাস বয়স পর্যন্ত দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় অবস্থান করে।
ইলিশের উৎপাদন বাড়ানো এবং এর টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে এ সময়ে পোনা রক্ষা করা জরুরি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
পোনাগুলো নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পেলে ভবিষ্যতে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মৎস্য অধিদপ্তর সারা দেশে কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।