বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার দামুড়হুদায় অনুষ্ঠিত এক সমন্বয় সভায় তিনি বলেন, ‘ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।’
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিজিবির মহাপরিচালক চুয়াডাঙ্গার দামুড়হুদায় সফর করেন। এ সময় তিনি স্থানীয় সিভিল প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অংশ নেন।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় বিজিবি মহাপরিচালক বলেন, ‘দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদাসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে।’
তিনি জানান, সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
সমন্বয় সভা শেষে বিজিবির মহাপরিচালক দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত নির্বাচনি বেইজক্যাম্পে দায়িত্বরত বিজিবির সকল পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, যশোর রিজিয়ন কমান্ডার, কুষ্টিয়া সেক্টর কমান্ডার, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা এবং কুষ্টিয়া সেক্টরের অধীন সকল ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।