দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটের আবেদনকারীর আইনজীবী মো. জাহিদ তালুকদার বলেন, শুনানিতে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন, লটারি ও ভর্তি পরীক্ষা—দুই পদ্ধতিরই ভালো-মন্দ দিক রয়েছে। ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবীরা ভর্তির সুযোগ পাবে। কিন্তু স্কুলে ভর্তির পদ্ধতি নির্ধারণ সরকারের নীতিমালার বিষয় হওয়ায় এ ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবেন না। এরপর আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।
তিনি আরও বলেন, হাইকোর্টের লিখিত আদেশ পাওয়ার পর তা পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।
মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিট আবেদনটি করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক এবং মাউশির উপ-সচিবকে বিবাদী করা হয়।
রিট আবেদনে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু রাখার পক্ষে যুক্তি তুলে ধরা হয়।
রিটে আইনজীবী বলেন, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারি পদ্ধতি চালু করেছিল তৎকালীন সরকার। তবে পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।
গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
রিটে আরও বলা হয়, লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্তের ফলে শিশুদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হবে। পাশাপাশি কোচিং ও প্রাইভেট টিউশনের প্রবণতা বাড়বে। এতে শিক্ষার বাণিজ্যিকীকরণ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
আইনজীবীর দাবি, ভর্তি পরীক্ষা চালু হলে আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিশুরা কোচিং ও গৃহশিক্ষকের সহায়তা নিয়ে এগিয়ে থাকবে। অন্যদিকে দরিদ্র পরিবারের শিশুদের পক্ষে এসব ব্যয় বহন করা কঠিন হবে। ফলে শিক্ষার সুযোগ পাওয়ার ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য তৈরি হতে পারে।
এসব যুক্তিতেই ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়েছিল বলে জানান তিনি।