দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪টি শিশু।
এটি হাম ও রোগটির উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এর আগে গত ৪ মে প্রথম এই সংখ্যক প্রাণহানির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৫৮টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৮৭টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৪৫টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১২৭। এই সময়ে ১ হাজার ২৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৪০৫টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৭১৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫১ হাজার ৫৮৫ রোগী, যাদের মধ্যে ৪৭ হাজার ৬১৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।