বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ। এতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আরেকটি কর্মসূচিতে বৃক্ষরোপণে নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রিজভী জানান, এসবের বাইরে আরও বেশ কিছু কর্মসূচি থাকবে। এসব কর্মসূচির খসড়া দলের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করা হবে।
যৌথ সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।