নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণের অভিযোগ তুলে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে, আমাদের এমনটা মনে হচ্ছে না। সরকারদলীয় অন্তর্কোন্দলে কয়েক শ মানুষ মারা গেছেন, আহত হয়েছেন। নির্বাচন কমিশন দলীয়করণ হয়েছে। পুলিশ প্রশাসনও দলীয়করণ হয়েছে। এখন যে অবস্থা আছে, সে অবস্থা থেকে স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘১১ দলীয় জোট থেকে আমরা নির্বাচন কমিশনকে সুস্পষ্ট প্রস্তাবনা দেব। সেই প্রস্তাবনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে।’
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ, ছাত্র-তরুণরা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগের যে তৎপরতা, এটি পাশের দেশের কূটনৈতিক তৎপরতা। তারা বাংলাদেশকে চাপে রাখার জন্য এ ধরনের কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই আদর্শিক। আওয়ামী লীগ তো পরাজিত হয়েছে, কিন্তু এখনও ফ্যাসিবাদের দোসর বিভিন্ন জায়গায় আছে। তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলমান। আমরা মনে করি, এই ফ্যাসিবাদ, স্বৈরাচার আর নতুন চাঁদাবাজ, দুর্নীতিবাজ শক্তি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।’
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সাংবাদিকের কাজ সাংবাদিক করেছে, সঠিক তথ্য প্রকাশ করেছে। সেটি যদি ভুল হয় সাংবাদিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার উপায় আছে। পুলিশপ্রধান বা দায়িত্বশীল ব্যক্তি এ ধরনের কথা বলতে পারেন না।’
মাদক সিন্ডিকেটের সঙ্গে পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক নেতারা জড়িত বলে অভিযোগ করে তিনি বলেন, ‘এই সিন্ডিকেটকে যদি আমরা ভাঙতে না পারি, জবাবদিহিতার আওতায় আনতে না পারি, তাহলে মাদকের মতো গুরুত্বপূর্ণ অপরাধ নির্মূল করা সম্ভব না।’
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক কাজ করতে গিয়ে ক্ষমতাসীন দলের কারণে বাধার মুখে পড়তে হচ্ছে। প্রশাসন চাইলেও সরকারদলীয় বাধার কারণে কিছু করতে পারছে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, ঢাকা বিভাগ-দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।