ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধ ভিওআইপি কলিং ডিভাইসসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক ও ডিভাইসগুলো জব্দ করা হয়।
আটক দুজন হলেন শ্যামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম (৫৪) এবং ইউনিয়ন যুবলীগের কর্মী শাহেব আলী (৩০)।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সেখান থেকে ভিওআইপি কলিংয়ের জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস, দেশি-বিদেশি অবৈধ সিম কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহার করার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১-এ মামলা প্রক্রিয়াধীন। এছাড়া জব্দ করা ডিভাইসগুলো বিটিআরসিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।