কুমিল্লার বরুড়ায় বলাকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপার নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার দেওড়া ফকিরা মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুল্লাহ সবুজ (২২) বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের হাজারপাড় গ্রামের বাসিন্দা।
বাসচালক মনির বলছেন, স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি নিজেই গাড়িটির মালিক এবং দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন।
এদিকে দুর্ঘটনায় নিহত সবুজের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতা আবদুল জলিল। নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বলাকা বাস মালিক সমিতির পক্ষ থেকে আরও আর্থিক সহযোগিতা এবং আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করার কথা জানানো হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের দেহ উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
দুর্ঘটনাকবলিত বাসটি থানার হেফাজতে রাখা হবে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।