কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আফরান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছেলে।
শিশুটির বাবা আল আমিন বলেন, হঠাৎ ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিলে আফরানকে কুষ্টিয়ায় এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসকের পরামর্শে শিশুটিকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
শিশুটির মৃত্যুতে তার বাবা অভিযোগ করেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আফরানের অবস্থার অবনতি হতে থাকে। আজ ভোরের দিকে অবস্থা খুব খারাপ হলে চিকিৎসক ও নার্সদের ডাকা হয়। কিন্তু নার্সরা সঠিকভাবে সহযোগিতা করেনি। পরে মরদেহ নিয়ে বাড়ি চলে আসি।’
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ভর্তির দিন থেকেই শিশুটির অবস্থা খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু রোগীর স্বজনরা যাননি। তবুও আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দিয়েছি। শুক্রবার ভোরের দিকে শিশুটি মারা যায়।