খুলনায় তুষার (৩২) নামের এক যুবক গুলিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বানিয়াখামার এলাকার খাদেমুল উলুম মাদরাসার পাশে আনসার আলী গলির সামনে কয়েকজন যুবকের হাতাহাতি হয়। একপর্যায়ে তাদের মধ্যে কেউ গুলি চালালে তুষারের পিঠে গুলি লাগে।
খবর পেয়ে পুলিশ তুষারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কাছাকাছি জায়গা থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহা আলম বলেন, কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন তুষার। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন মিয়া বলেন, তুষার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।