গাইবান্ধা সদরে জমি-সংক্রান্ত বিরোধে জেরে ছুরিকাঘাতে প্রতিপক্ষের ছোট ভাই রুমন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত বড় ভাই রুহিতের অবস্থাও (২০) আশঙ্কাজনক।
রবিবার (৭ জুন) রাত ৯টার দিকে সদরের বোয়ালী ইউনিয়নের পূর্ব পিয়ারাপুরে এ ঘটনা ঘটে।
নিহত রুমন ওই এলাকার মৃত ফারুকের ছোট ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে মৃত ফারুকের বড় ছেলে রুহিতের দীর্ঘদিন ধরে জমির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে গতকাল (রবিবার) রাত সাড়ে ৯টার দিকে উভয়ের মধ্য বাগবিতণ্ডা শুরু হলে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতকে আঘাত করে। এ সময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে রাকিব। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রুহিত ও রুমনকে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রুহিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ (সোমবার) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খুনের ঘটনার পর পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবের মা বেবি বেগম ও তার স্ত্রী ইতি বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।