মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও আশপাশের বিভিন্ন স্থানে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় এক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঢাকা-গাজীপুর সড়কের নলজানি ও লক্ষ্মীপুর এলাকাতেও শ্রমিকরা বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এর আগে সকালে ভোগড়ার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি। এ পরিস্থিতিতে প্রথমে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে পরিস্থিতির অবনতি হলে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভোগড়া, চান্দনা চৌরাস্তা, নলজানি ও আশপাশের এলাকায় অন্তত ৫০টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, শ্রমিকরা ভোগড়া বাইপাস, গাজীপুর চৌরাস্তা ও অন্যান্য স্থানে ব্যারিকেড দেন। মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ, এসআরবি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় তাদের ছত্রভঙ্গ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারা দিন সক্রিয় থাকবেন বলেও জানান তিনি।
পোশাক খাত ও সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত চেষ্টার অংশ হিসেবে একটি নিষিদ্ধ সংগঠন এই অস্থিরতার পেছনে রয়েছে বলে অভিযোগ করেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, অনেক শ্রমিক কাজে যোগ দিতে চাইলেও একটি পক্ষ তাদের উসকানি দিয়ে বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে।