নরসিংদীর রায়পুরার রফিক ইসলাম (৫০) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান শিকদার।
নিহত রফিকুল ইসলাম চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে ছিলেন। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য।
আহসান শিকদার ও পুলিশ জানান, রাত সাড়ে ৯টার দিকে রফিকুল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলির শিকার হন। এ সময় কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডটি রাজনৈতিক ঘটনার জেরে ঘটেনি, প্রতিবেশীর সঙ্গে তার আগের পারিবারিক কলহের জের ছিল। তবে তদন্ত সাপেক্ষে কীভাবে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।