ভারতে চার বছর কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে শিশুসন্তানসহ দেশে ফিরেছেন এক দম্পতি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
এর আগে গতকাল (সোমবার) রাত ৯টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ধরাদোয়া গ্রামের আল আমিন শেখ (৩২) ও তার স্ত্রী জোসনা আক্তার (২৭) এবং তাদের ছেলে আরমান শেখ (২)।
ওসি সাইফুর জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ওই দম্পতি ও তাদের শিশুসন্তানকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের স্বজনদের কাছে হস্তান্তর করবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর কার্যালয়ের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সাত বছর আগে অবৈধভাবে ভারতের কেরালায় যান এই দম্পতি। সেখানে আল আমিন শেখ শ্রমিক হিসেবে এবং তার স্ত্রী জোসনা আক্তার বাসাবাড়িতে কাজ করতেন।
পরে ভারতের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আদালত তাদের চার বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের পর ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের একটি শেল্টার হোমে রাখে।
মুহিত হোসেন আরও জানান, দুই দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সোমবার রাতে তারা দেশে ফেরেন। বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে শেল্টার হোমে রাখা হয়েছে। মঙ্গলবার তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।