ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার হলদারপাড়া গ্রামে ইছামতি নদীর পাশ থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) শ্রীনাথপুর বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৬১-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে তাদের আটক করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নিজেদের ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তারা হলেন মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। তারা একই পরিবারের সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছেন।
আটক অন্য পাঁচজন নিজেদের গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০) ও দুলালী (৪০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) এবং বরিশালের অঞ্জনা সিং (১৮) বলে পরিচয় দিয়েছেন।
মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর আটক ব্যক্তিদের মধ্যে কতজন ভারতীয় এবং কতজন বাংলাদেশি, তা জানা যাবে।