চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও মাছ ধরার ছয়টি নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ এসব তথ্য জানান।
দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের বাড়ি মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার আশপাশে। তাদের আজ (মঙ্গলবার) কারাগারে পাঠানো হয়েছে।
হাইমচর উপজেলা প্রশাসন জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলের নদীতে মাছ ধরার খবর পেয়ে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৮ জন জেলেকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং অপ্রাপ্তবয়স্ক চারজনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া জব্দ করা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ছয়টি নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রাখা আছে। সেই সঙ্গে জব্দ করা ১৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
হাইমচর উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্ট গার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম এতে নেতৃত্ব দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও নজরুল ইসলাম বলেন, ইলিশ মাছকে নিরাপদে মেঘনায় ডিম ছাড়ার সুযোগ করে দিতে এ অভিযান অব্যাহত থাকবে। ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্স কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।