সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ অফিস মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত তরুণ শহরের কাটিয়া এলাকায় রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
নিহতের ফুফাতো ভাই সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীন জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় প্রাণিসম্পদ অফিস মোড়ে যুবদল ও ছাত্রদলের নবঘোষিত কমিটির পরিচিতি সভা ছিল। রাত ১০ টার দিকে ওই সভা শেষ হয়। সভা শেষে আমার মামাতো ভাই জাকারিয়া খান পশু হাসপাতাল গেটে কয়েকজনের সঙ্গে চা পান করছিলেন। ওই সময় কিছু বখাটের সঙ্গে চায়ের দোকানদারের কথা কাটাকাটি হয়।
তিনি আরও বলেন, একপর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে জাকারিয়া চায়ের দোকানদারকে রক্ষা করার জন্য মারামারি ঠেকাতে যান। ওই সময় তাদের মধ্যে একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয় দোকানদার ও পথচারীরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ১২টার দিকে জাকারিয়ার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শাহীদুর রহমান বলেন, নিহতের দেহ ময়নাদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরা যাচাই করে আসামিকে শনাক্ত করার চেষ্টা চলছে।