সিলেটে হাম ও রোগটির উপসর্গ নিয়ে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১০০ জনে।
রবিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মৃত শিশুটির নাম আবু সাঈদ। ৯ মাস বয়সী শিশুটি সুনামগঞ্জের ছাতক উপজেলার সাহাব উদ্দিনের ছেলে। সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৫ জন ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন ও বাকি ১২ জন শিশু বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
বিভাগের চার জেলার মধ্যে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে সুনামগঞ্জ। সুনামগঞ্জে এ পর্যন্ত ২৮৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে ও মৃত্যু হয়েছে ৪৪ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট জেলায় আক্রান্ত ১৮০ জন ও মৃত্যু হয়েছে ৩৩ জনের। এছাড়া হবিগঞ্জ আক্রান্ত ৫৫ জন ও মৃত্যু হয়েছে ৮ জনের এবং মৌলভীবাজার জেলায় ২২টি শিশু আক্রান্ত ও ১১ জনের মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রোগী সুনামগঞ্জ জেলার। দুর্গম হাওর অঞ্চল ও অসচেতনতার কারণে ওই এলাকায় সংক্রমণ দ্রুত ছড়িয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
এছাড়া, অন্যান্য হাসপাতালের মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ১০ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, আল হারামাইন হাসপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন। বাকি রোগীদের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ অন্যান্য উপজেলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. মিজানুর জানান, আজ (রবিবার) হাসপাতালে নতুন করে আরও ২৮টি শিশু ভর্তি হয়েছে। তাদের অনেকের নানা ধরনের শারিরীক জটিলতা রয়েছে। আজ সকাল পর্যন্ত হাসপাতালটিতে ১০০ শয্যার বিপরীতে ৯৬ জন রোগী ভর্তি রয়েছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৪৪ জন ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং বাকিরা হামের উপসর্গে মারা গেছে।