সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে সিলেট বিভাগে এই রোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। এর আগে, গত শুক্রবার সিলেটে ৩ শিশুর মৃত্যু হয়।
আজ (রবিবার) দুই শিশু মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সকাল ৯টা ও ১০টায় শিশু দুটির মৃত্যু হয়েছে। হামের উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিল তারা।
এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ১৯০ রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ল্যাবে পরীক্ষায় সিলেট বিভাগে মোট ৮০ জন হাম রোগী শনাক্ত হয়েছে।
সন্দেহভাজন ১৯০ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।