সুন্দরবনের দুটি জলদস্যু বাহিনীর ১৫ সদস্য স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কাছে আত্মসপর্ণ করেছেন।
শনিবার (১০ অক্টোবর) এসআরবি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেন তারা।
আত্মসমর্পণ করা জলদস্যুদের মধ্যে আটজন আলিফ বাহিনীর অংশ আব্দুল্লাহ গ্রুপের ও সাতজন মজিদ গ্রুপের। প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে এসআরবি।
এ ঘটনা সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জেলে, বাওয়ালি, মৌয়াল ও অন্য বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে এসআরবি আশা প্রকাশ করেছে।
এসআরবি-৬ বলেছে, সুন্দরবনে জলদস্যুতা, অপহরণ ও মুক্তিপণ আদায় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।