জাতীয় সংসদের হুইপ জি কে গউছ পরিদর্শন করার পর পরই আবারও ভেঙে গেল খোয়াই নদীর বাঁধ।
রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বাঁধ মেরামত কাজ পরিদর্শনে যান জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের এমপি জি কে গউছ। এ সময় তিনি কাজের মান দেখে বাঁধ টিকবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন।
এর আগে, গত ৯ জুলাই রাতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ নামকস্থানে প্রবল স্রোতে নদীর ২০০ ফুট বাঁধ ভেঙে যায়। এতে আমন ধানের জমি, শাকসবজির খেতের ব্যাপক ক্ষতি হয়। প্রায় ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ পানিববন্দি হয়ে পড়েন। জরুরি বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় এক কোটি টাকার প্রকল্প গ্রহণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হুইপ পরিদর্শনের আধ ঘণ্টা পরই পানির তোড়ে বাধ ভেঙে যায়। এতে পুনরায় পূর্বের জমি অন্যান্য স্থানগুলোতে পানি প্রবেশ করছে।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, বাঁধের কাজ খুবই নিম্নমানের হচ্ছে।
তবে ঠিকাদার টিপু আহমেদ কাজ সঠিকভাবে হচ্ছে জানিয়ে বলেন, হঠাৎ ভারতের অংশে স্লইসগেট খুলে দেওযায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ৮৮ লাখ টাকার কাজের মধ্যে দুই তৃতীয়াংশের কাজ শেষ হয়েছিল। এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়ে গেছে।
তিনি আরও জানান, প্রায় ২০০ ফুট লম্বা, ৩০ ফুট প্রস্থ ও ৩০ ফুট উচ্চতার এ কাজটিতে মাটি ভরাট, জিও ব্যাগ, জিও কার্পেট বসানো হবে। কিন্তু হঠাৎ পানি বেড়ে যাওযায় বাঁধের সমস্ত মাটি ও বালু ভেসে গেছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।