চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করতে গিয়ে বাসচাপায় গুরুতর আহত হওয়া পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।
সোমবার (৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত আল আমিন সরদার কোতোয়ালি থানায় সংযুক্ত ছিলেন।
আল আমিন ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিলেন। তার বাড়ি মাদারীপুরে। তিনি এক সন্তান রেখে গেছেন।
গতকাল (রবিবার) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্টে সন্দেহজনক তিন যুবককে থামানো হয়। এ সময় তাদের একজন দৌড়ে পালাতে গেলে আল আমিন মোটরসাইকেলে করে তাকে ধাওয়া করেন। তখন একটি বাস পেছন থেকে আল আমিনের মোটোরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আল আমিনকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন। পরে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ ও চালককে আটক করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আজ (সোমবার) সকালে আইসিইউতে আল আমিনের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, দায়িত্ব পালনকালে তার মৃত্যু কর্তব্যের প্রতি নিষ্ঠা ও আত্মত্যাগের দৃষ্টান্ত হয়ে থাকবে।