খেলাধুলা
সেল্তার মাঠে জিততে ঘাম ছুটল রিয়াল মাদ্রিদের
তারকায় ঠাসা শক্তিশালী রিয়াল মাদ্রিদকে ভয় না পেয়ে সমানে চ্যালেঞ্জ জানিয়ে গেল সেল্তা ভিগোর ফুটবলাররা। একের পর এক গোলের সুযোগও তৈরি করল, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতা ও ভাগ্যের ফেরে বারবার হতাশ হলো তারা। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি জিতলেও দম বেরিয়ে গেছে রিয়াল কার্লো আনচেলত্তির শিষ্যদের।
শনিবার রাতে সেল্তা ভিগোর ঘরের মাঠে খেলতে গিয়ে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ২০তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে প্রথমবার এগিয়ে যায় রিয়াল। স্বদেশি কামাভিঙ্গার কাছ থেকে পাস পেয়ে প্রতিপক্ষের বক্সের বেশ বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি স্ট্রাইকার। এর ফলে চলতি মৌসুমে লা লিগায় তার গোলসংখ্যা হলো ৬টি।
এরপর আরও কয়েকবার চেষ্টা করেও সফল না হলে ওই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
তবে বিরতি থেকে ফিরেই গোল পরিশোধের চেষ্টা চালাতে থাকে সেল্তা। দ্বিতীয়ার্ধের পুরোটা সময়জুড়েই রিয়াল মাদ্রিদকে নিজেদের ছায়া হয়ে থাকতে বাধ্য করে তারা। এরই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে সমতায় ফেরে ক্লাউদিও গিলারদেসের শিষ্যরা।
ম্যাচজুড়ে অসাধারণ পারফর্ম করা অস্কার মিঙ্গেসার ক্রসটি ডান পায়ের ছোঁয়ায় ঠিকানায় পাঠিয়ে দেন গোলমুখে থাকা উইলিয়ট সুয়েডবার্গ।
আরও পড়ুন: প্রথম দেখাতেই রিয়ালকে হারিয়ে দিল লিল
সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সেল্তা ভিগো। এরইমধ্যে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে ম্যাচের ৬৩তম মিনিটে ফেদেরিকো ভালভার্দেকে উঠিয়ে লুকা মদ্রিচকে মাঠে নামান আনচেলত্তি। এর ফলে ফেরেঙ্ক পুসকাসের ৫৮ বছরের রেকর্ড ভেঙে রিয়ালের সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে মাঠে নামেন মদ্রিচ।
মাঠে নেমেই মাঝমাঠে প্রতিপক্ষের চাপ সামাল দেন মদ্রিচ। ফলে ফের গোলের সুযোগ তৈরির রসদ পায় রিয়াল। এর তিন মিনিট পরই ভিনিসিউসকে দিয়ে গোল করিয়ে দলকে এগিয়ে নেন ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট মিডফিল্ডার।
ম্যাচের ৬৬তম মিনিটে ভিনিকে এগোতে দেখে ডিফেন্সচেরা পাস দিয়ে তার সামনে বল পাঠিয়ে দেন মদ্রিচ। আর ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে বল ধরেই সেল্তা গোলরক্ষককে পরাস্ত করে ফের দলকে এগিয়ে নেন ভিনিসিউস।
আরও পড়ুন: রাতে ইতিহাস গড়ার অপেক্ষায় মদ্রিচ
এর তিন মিনিট পর গোলের উদ্দেশে পরপর দুটি শট নেন সেল্তার জনাথন বাম্বা। তবে দুটি শটই দারুণ দক্ষতায় প্রতিহত করে ব্যবধান ধরে রাখেন থিবো কোর্তোয়া।
৭১তম মিনিটে ডান পাশ দিয়ে পাল্টা আক্রমণে উঠে বুলেট শট নেন মিঙ্গেসা, কিন্তু তার শটটি ক্রসবার ছুঁয়ে বাইরে বেরিয়ে যায়।
এরপর ৭৮তম ও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও দুটি দারুণ আক্রমণে ওঠে সেল্তা, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় সেই সুযোগগুলো নষ্ট হয়।
একের পর এক আক্রমণে ম্যাচের শেষের বিশ মিনিট রিয়াল মাদ্রিদকে একপ্রকার কোণঠাসা করে রাখে সেল্তা ভিগো।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে উঠে আরও একটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরা, কিন্তু মিঙ্গেসার ক্রসে পা প্রসারিত করে দুভিকাস বল জালে জড়ানোর চেষ্টা করলেও পোস্টের সামান্য বাইরে দিয়ে তা চলে গেলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয়।
এরপর আর সময় না থাকায় রেফারি শেষের বাঁশি বাজিয়ে দিলে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের অনেকেই যে যেখানে ছিলেন, বসে হাঁপাতে থাকেন। দুর্দান্ত সেল্তা ভিগোকে রুখতে তাদের যে কতটা কষ্ট হয়েছে, তা বুঝিয়ে দিচ্ছিল তাদের দ্রুত শ্বাস-প্রশ্বাস ও দরদর করে বেরোনো ঘাম।
আরও পড়ুন: ‘ধর্ষণ অভিযোগের’ তদন্তের মধ্যে এমবাপেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
এই জয়ে ১০ ম্যাচে ৭টি জয় ও তিনটি ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনাকে ফের ছুঁল রিয়াল। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় অবস্থানেই রইল তারা। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানেই রইল সেল্তা ভিগো।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত একটায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় সান্তিয়াগো বের্নাবেউতে বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।
৬৫৩ দিন আগে
রাতে ইতিহাস গড়ার অপেক্ষায় মদ্রিচ
২০১২ সালে টটেনহ্যাম থেকে সান্তিয়াগো বের্নাবেউতে যাওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদের মূল একাদশের অপরিহার্য নাম হয়ে ওঠেন লুকা মদ্রিচ। দেখতে দেখতে এক যুগ পার হয়েছে, কিন্তু লস ব্লাঙ্কোসদের জার্সিতে এখনও পায়ে আলো ছড়িয়ে চলেছেন ক্রোয়েশিয়ার প্রত্যন্ত গ্রামে পাহাড়ের পাদদেশে বেড়ে ওঠা এই ক্ষুদে ফুটবল শিল্পী।
ক্যারিয়ারে ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা ও সের্হিও রামোসদের মতো সতীর্থদের সঙ্গে খেলেও পায়ের দক্ষতা ও অসাধারণ ফুটবল মস্তিষ্কের কারণে স্বমহিমায় নিজেকে মেলে ধরেছেন এই খেলোয়াড়।
বয়স ৩৯ পার পার হলেও থামার নাম নেই তার। রিয়াল মাদ্রিদের মতো প্রতিযোগিতামূলক স্কোয়াডে এখনও নিয়মিত মুখ তিনি।
অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে শুরুর একাদশে আর নিজেকে সেভাবে ধরে রাখতে পারছেন না এই প্লেমেকার। চলতি মৌসুমে লা লিগার সাত ম্যাচের তিনটিতে ম্যাচ শুরু করলেও সবগুলো ম্যাচেই মাঠে ছিল তার উপস্থিতি। এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) রাতে লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচেও মদ্রিচের শুরুর একাদশে থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে ম্যাচের যেকোনো পর্যায়ে মাঠে নামলেই ইতিহাসের পাতায় উঠে যাবে তার নাম। ৩৯ বছর ৪০ দিন বয়সে মাঠে নেমে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখাবেন তিনি।
আরও পড়নু: অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
এখন পর্যন্ত এই রেকর্ডটি রয়েছে রিয়াল মাদ্রিদের হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড ফেরেঙ্ক পুসকাসের দখলে। স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম কাদেনা সেরের তথ্যানুসারে, ৩৯ বছর ৩৬ দিন বয়সে রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ম্যাচ খেলেন পুসকাস।
তবে মদ্রিচ যেভাবে এগাচ্ছেন, তাতে পুসকাসকে ছাড়িয়ে আরও অনেকটা উচ্চতায় উঠে থামবেন তিনি। চলতি মৌসুম শুরুর আগে রিয়ালের সঙ্গে নতুন করে আরও এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন মদ্রিচ। ফলে চোটাক্রান্ত না হলে অন্তত চলতি বছরের জুন মাস পর্যন্ত মাঠে নামতে দেখা যাবে তাকে। আর ফর্ম ও শরীর সায় দিলে তা দীর্ঘায়িত হবে আরও।
এই সময়ের মধ্যে গোলের দেখা পেলে আরও একটি বিরল রেকর্ড ভেঙে দেবেন এই ফুটবলার। লস ব্লাঙ্কোসদের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড নতুন করে গড়বেন তিনি।
আরও পড়ুন: বিদায়বেলায় ইনিয়েস্তার প্রশংসায় রিয়াল মাদ্রিদ
এই রেকর্ডটিও রয়েছে পুকসাসের দখলে। ১৯৬৬ সালে ৩৯ বছর ১৫ দিন বয়সে গোল করে রিয়ালের ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়ে আছেন এই কিংবদন্তি।
তবে ক্লাবটির কিংবদন্তি হতে এই রেকর্ড মদ্রিচের ভাঙতেই হবে- এমনটি নয়। ইতোমধ্যে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ, পাঁচটি ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য শিরোপারর স্বাদ পেয়েছেন তিনি। অবসর নেওয়ার আগেই সতীর্থ ও সমর্থকদের কাছ থেকে তিনি পেয়ে চলেছেন বিরল সম্মান।
৬৫৩ দিন আগে
এক মাস পর জয়ের দেখা পেল ইউনাইটেড
বার্নসলিকে ৭-০ গোলে বিধ্বস্ত করার পর জিততে যেন ভুলেই গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এক মাসের বেশি সময় ধরে খুঁজতে থাকার পর কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে এরিক টেন হাগের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এর ফলে সব মিলিয়ে পাঁচ ম্যাচ জয়বঞ্চিত থাকার পর হাসল ইউনাইটেড সমর্থকরা। এই পাঁচ ম্যাচের চারটিতেই ড্র করে দলটি; আর হারে একটিতে।
প্রিমিয়ার লিগে গত ১৪ সেপ্টেম্বর সাউথহ্যাম্পটনের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল দলটি। এরপর ক্যারাবাও কাপের ম্যাচে ১৮ সেপ্টেম্বর বার্নসলির বিপক্ষে সবশেষ জিতেছিল রেড ডেভিলরা।
তার তিন দিন পর লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করে টেন হাগের দল। পরে ২৬ সেপ্টেম্বর ইউরোপা লিগের ম্যাচে ঘরের মাঠে এসে ১-১ গোলে ড্র করে ইউনাইটেডের কাছ থেকে পয়েন্ট ছিনেয়ে নিয়ে যায় পুচকে এফসি তোয়েন্তে। তার পরের সপ্তাহে প্রিমিয়ার লিগে আরও দুর্ভোগ পোহাতে হয় টেন হাগের দলকে। ওল্ড ট্র্যাফোর্ডে এসে ইউনাইটেডকে ৩-০ গোলে বিধ্বস্ত করে যায় টটেনহ্যাম।
আরও পড়ুন: প্যালেসের মাঠে ধরাশায়ী ইউনাইটেড
তারপর ইউরোপা লিগে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েও পোর্তোর বিপেক্ষ কোনোরকমে হার এড়ায় ইউনাইটেড। শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও ৩-২ গোলে হারার আশঙ্কা জাগে ইউনাইটেড শিবিরে। তবে অতিরিক্ত যোগ করা সময়ে গোল করে দলকে সে যাত্রায় বাঁচান হ্যারি ম্যাগুয়ার।
এরপর প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে লড়াই করেও জয়ের দেখা না মিললে গোলশূন্য ড্র করে আন্তর্জাতিক বিরতিতে যায় টেন হাগের শিষ্যরা।
দলের এমন পারফরম্যার্সে ইউনাইটেডের দায়িত্ব থেকে টেন হাগকে সরিয়ে দিতেও জোর সমালোচনা ওঠে। তবে বিরতি থেকে ফিরেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল দলটি।
৬৫৩ দিন আগে
ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট হ্যামকে উড়িয়ে দিল টটেনহ্যাম
দুই গোলে এগিয়ে থেকেও ব্রাইটনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল টটেনহ্যাম হটস্পার। তবে বিরতি পর মাঠে নেমেই ঠিক তার উল্টো চিত্র দেখাল আঙ্গে পোস্তেকোগ্লুর শিষ্যরা।
ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম।
এদিন ম্যাচের অষ্টাদশ মিনিটেই মোহাম্মদ কুদুসের গোলে এগিয়ে যায় হুলেন লোপেতেগির দল। তবে ৩৬তম মিনিটে কুলুসেভস্কির গোলে সমতায় ফিরে বিরতিতে যায় টটেনহ্যাম। এরপর দ্বিতীয়ার্ধে খেলতে নামার প্রথম ১৫ মিনিটে আরও তিন গোল পেয়ে জয় নিশ্চিত করে ফেলে তারা।
ম্যাচের ৫৩তম মিনিটে হিউং মিন সনের ডিফেন্সচেরা পাস ধরে গোলমুখে ক্রস দেন ডেস্টিনি উডোগি, তা থেকে ঠিকানা খুঁজে নেন ডিফেন্সিভ মিডফিল্ডার ইভ বিসুমা।
ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যাওয়ার দুই মিনিট পরই নিজেদের বক্স থেকে হ্যামারদের আক্রমণ প্রতিহত করে দারুণ একটি পাল্টা আক্রমণে উঠে সঙ্গ দিতে দিতে এগোনো সনকে বল বাড়ান কুলুসেভস্কি। দুরুহ কোণ থেকে সন গোলে শট নিলে গোলরক্ষক তা প্রতিহত করলেও ডিফেন্ডার জ্যঁ ক্লেয়ার তোদিবোর পায়ে লেগে জালে জড়িয়ে যায়।
পাঁচ মিনিট পর সনের অসাধারণ নৈপুণ্য দেখে ফের গর্জন করে ওঠে হটস্পার স্টেডিয়াম। এবার প্রতিপক্ষের অর্ধ থেকে বল কেড়ে নিয়ে এগিয়ে গিয়ে তোদিবোকে পরাস্ত করেন সন। এরপর সামনে এগিয়ে আসা গোলরক্ষক আলফন্সো আরেওলাকেও পরাস্ত করে করে বল ঠিকানায় পাঠিয়ে দেন ৩২ বছর বয়সী এই দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার।
৬৫৩ দিন আগে
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নজর সিমন্সের
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট শুরু হতে বাকি আর দুদিন। কিন্তু এমন সময়েও মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয়ে নিয়েই আলোচনায় মাতোয়ারা দেশের ক্রিকেট পাড়া। এমন কঠিন সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন ক্যারিবীয় কোচ ফিল সিমন্স। তবে এই কঠিন সময়ের মধ্যেও খেলোয়াড়দের মনোযোগ মাঠে ফিরিয়ে বড় লক্ষ্যে পৌঁছানোর কথা জানিয়েছেন তিনি।
দুই দিন অনুশীলনের পর শনিবার গণমাধ্যমের সামনে হাজির হন কোচ সিমন্স। এসেই তার কণ্ঠে ঝরল বড় কিছুর আশা। দলকে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে চান তিনি।
‘ভালো ব্যাপার হচ্ছে আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কিছু টেস্ট ম্যাচ রয়েছে। আমরা যদি পরের কয়েকটি টেস্ট জিতি, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে চলে আসতে পারি। ক্রিকেটই আমার কাছে সবার আগে এবং সোমবারের জন্য (প্রথম টেস্টের প্রথম দিন) স্কোয়াডকে প্রস্তুত করার দিকেই (এখন) মনোযোগ দিচ্ছি।’
আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসায় নানা অনিশ্চয়তায় অবশেষে দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। এ নিয়েই গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন।
আরও পড়ুন: সাকিবের প্রতি মানুষের ক্ষোভ অযৌক্তিক নয়: আসিফ নজরুল
এরই মাঝে হাথুরুসিংহেকে সরিয়ে সিমোন্সকে নিয়োগ দেওয়ার পর বুধবার সকালে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় পা রাখেন তিনি। এসেই ছুটে যান মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রাথমিক পরিচয়পর্ব সেরে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দেন ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক ক্রিকেটার।
দুই দিন দলকে অনুশীলন করিয়ে এরইমধ্যে স্কোয়াডের শক্তি ও সম্ভাবনার বিষয়ে জেনেছেন তিনি।
এ বিষয়ে সিমন্স বলেন, ‘গত দুই দিন দুর্দান্ত ছিল। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। ক্রিকেটকে ঘিরে যত সংশয় ছিল, সেগুলো দূরে রাখার চেষ্টা করছি; চেষ্টা করছি মনোযোগ ধরে রেখে সোমবারের জন্য প্রস্তুত হতে।’
তবে সাকিবকে নিয়ে বাইরে যে আলোচনা চলছে, তার প্রভাব একেবারেই অস্বীকার করছেন না ৬১ বছর বয়সী এই কোচ।
‘বাইরে যে আলোচনা হচ্ছে সেটিও একটি ব্যাপার। তবে আগামী কয়েকদিন আমাদের কাজের বড় একটি অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে- তা নিশ্চিত করা। আমরা কেবল সেসব নিয়ন্ত্রণ করতে পারি, যা আমাদের হাতে আছে। সোমবারের জন্য কীভাবে প্রস্তুত হব, আমরা তা নিয়ন্ত্রণ করতে পারি এবং এভাবেই দলের মনোযোগ ঠিক রাখার চেষ্টা করছি।’
আরও পড়ুন: বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, আসছেন ফিল সিমন্স
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন অনেকের কাছে একটু বাড়াবাড়ি মনে হতে পারে। তবে কাগজে-কলমে এখনও তা অসম্ভব নয়।
টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৮ ম্যাচে তিন জয়ে ৩৪.৩৮ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে বাংলাদেশ। ফাইনাল খেলতে হলে থাকতে হবে সেরা দুইয়ে।
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুটি টেস্ট খেলবে টাইগাররা। এই চার ম্যাচের সবকটিতে দারুণ ফল আনতে পারলে, অন্য দলগুলোর সঙ্গে সমীকরণ মিলিয়ে ফাইনালের জন্য লড়াই করতে পারে বাংলাদেশ।
৬৫৩ দিন আগে
আয়ের ‘ভুল তথ্য’ দিয়ে জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনার
ইউরোপীয় ফুটবলের আর্থিক নিয়ম ভাঙার কারণে ৫ লাখ ইউরো জরিমানা গুনতে হচ্ছে কাতালান জায়ান্ট বার্সেলোনাকে। ক্লাবের আয়ের ব্যাপারে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ক্লাবটিকে এই জরিমানা করেছে উয়েফার শালিসি আদালত।
ফাইনান্সিয়াল ফেয়ার প্লে আইন অনুসারে, ইউরোপের ক্লাবগুলোকে খরচ ও আয়ের ভারসাম্য বজায় রাখতে হয়। দেশভেদে নির্দিষ্ট বছরের আয়ের নির্দিষ্ট অংশ পর্যন্ত সে বছর খরচ করতে পারে ক্লাবগুলো। এ বিষয়ে প্রতিটি ক্লাবকে উয়েফার কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়।
আর্থিক সংকটে ভুগতে থাকা বার্সেলোনা ২০২২ সালে যে প্রতিবেদন জমা দিয়েছিল, তাতে গরমিল পেয়েছে উয়েফা। এর জন্য প্রথমে ক্লাবটিকে তলব করে সুইজারল্যান্ডে অবস্থিত উয়েফার শালিসি আদালত। তবে উয়েফার এই অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করে আপিল করে বার্সেলোনা। পরে সেই আপিল খারিজ করে শুক্রবার কাতালান ক্লাবটিকে ৫ লাখ ইউরো জরিমানা করেছে আদালত।
আরও পড়ুন: বেতনসীমায় বড় লাফ দিলেও রিয়ালের ধারেকাছেও নেই বার্সেলোনা
উয়েফা বলছে, ওই বছর পরবর্তী ২৫ বছরের জন্য বার্সা টিভির ২৫ শতাংশ সম্প্রচার স্বত্ত্ব বিক্রির মাধ্যমে ৬৬৭ মিলিয়ন ইউরো পায় বার্সেলোনা। কিন্তু আর্থিক প্রতিবেদনে টাকার অঙ্কটি ভুলভাবে বিভক্ত করে ২৬৭ মিলিয়ন ইউরো আয় দেখায় তারা।
অন্যদিকে, বার্সেলোনার দাবি, টিভি স্বত্ত্বের আরও ১০ শতাংশ একই মেয়াদে বিক্রি করে ওই ২৬৭ মিলিয়ন ইউরো পেয়েছিল তারা। প্রতিবেদনে সেটি সমন্বয় করেই হিসাব দেখানো হয়েছে। পাশাপাশি, গরমিল হয়ে থাকলে তা ‘একেবারেই অনভিপ্রেত’ হিসেবে উল্লেখ করে আপিল করে ক্লাব কর্তৃপক্ষ।
তবে আপিল খারিজ করে আদালতের রায়ে বলা হয়েছে, ‘ইচ্ছাকৃতভাবে’ হিসাবে গরমিল করে আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা করেছে বার্সেলোনা। ফলে জরিমানা তাদের দিতেই হবে।
প্রসঙ্গত, আর্থিক সংকটে পড়ে গত কয়েক মৌসুম ধরে দলবদলের বাজারে তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না বার্সেলোনার। প্রতিযোগিতামূলক দল গঠনে তাই ফ্রি এজেন্ট এবং লা মাসিয়ার তরুণদের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। এরই মাঝে তারুণ্যনির্ভর দল গড়ে চলতি মৌসুমে লা লিগায় দারুণ শুরু করেছে হান্সি ফ্লিকের দল।
আরও পড়ুন: মৌসুমের সর্বকনিষ্ঠ স্কোয়াড বার্সেলোনার
৯ ম্যাচের ৮টি জিতে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কাতালানরা। সমান সংখ্যক ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে তাদের পরই রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এছাড়া ১৭ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ এবং ভিয়ারিয়াল।
৬৫৪ দিন আগে
সাকিবের প্রতি মানুষের ক্ষোভ অযৌক্তিক নয়: আসিফ নজরুল
জনগণের প্রতিবাদ ও ক্ষোভের মুখে দেশে ফিরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তার অবস্থানের কারণে এ বিষয়টি অযৌক্তিক বলে মনে করেন না অন্তর্বতী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ক্রীড়াজগতের একের পর এক তারকা তাতে সমর্থন দিলেও সে সময় চুপ ছিলেন সাকিব আল হাসান। ক্ষমতা টিকিয়ে রাখতে দেশজুড়ে গণহত্যা চললেও সরকারের পক্ষেই অবস্থান ছিল সাকিবের। এর ফলে তার প্রতি ভক্তদের মধ্যে ক্ষোভ জন্মায়। যার প্রভাবেই দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলে বিদায় নেওয়া হচ্ছে না এই অলরাউন্ডারের।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে কথা বলেন ড. আসিফ নজরুল। দেশের একটি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে তাকে প্রশ্ন করা হয়।
সে সময় তিনি বলেন, ‘সাকিব আমাকে কয়েকবার ফোন দিয়েছিল। আমি বলেছি, উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলতে যেহেতু এটি আমার বিষয় নয়।’
আইন উপদেষ্টা বলেন, ‘সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। সাকিব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হতে পারত। কিন্তু যখন আন্দোলন চলছে, মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ক্ষোভ-কষ্ট- সাকিব তখন পোস্ট দিল যে সে কোথাও আনন্দ করছে। এটা কি সম্ভব একজন মানুষের পক্ষে?’
তবে তার জুয়া ও নানা উশৃঙ্খল আচরণের জন্য শেখ হাসিনার সরকার দায়ী বলে মনে করেন ড. নজরুল।
‘(শেখ হাসিনা সরকারের আমলে) এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন; আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে।’
আরও পড়ুন: দ. আফ্রিকা টেস্টে সাকিবের পরিবর্তে খেলবেন হাসান মুরাদ
সাকিবের প্রতি বর্তমানে দেশের মানুষের যে প্রতিক্রিয়া, তাতে তিনি ব্যথিত হলেও জনগণের অনভূতিকে মোটেও অযৌক্তিক বলে মনে হয় না বলে জানান আইন উপদেষ্টা।
তার কথায়, ‘মায়া লাগে। কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি একটুও অযৌক্তিক লাগে না।’
উল্লেখ্য, ভারত সফর চলাকালে সংবাদ সম্মেলন করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন সাকিব। সে সময় তিনি জানিয়েছিলেন, সরকার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করলে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিতে চান তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে জরিমানার মুখেও পড়তে হয়েছে এই অলরাউন্ডারকে। ফলে তার দেশে ফেরা নিয়ে জটিলতা ছিলই।
এরপর গত রবিবার সাকিবকে দেশে ফেরাতে সবরকম নিরাপত্তা দেওয়ার কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। এমনকি বুধবার মিরপুর টেস্টের জন্য তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
কিন্তু পরের দিনই ঘটনা বিপরীত দিকে মোড় নেয়। ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারের অবসান করতে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে ছিলেন সাকিব। মাঝে দুবাইয়ে তার যাত্রাবিরতির সময় বদলে যায় দৃশ্যপট।
আরও পড়ুন: দেশে ফিরছেন না সাকিব
সেখান থেকে সাকিব নিজেই জানান, আপাতত দেশে ফেরা হচ্ছে না তার। নিরাপত্তার কথা ভেবেই সংশ্লিষ্টরা তাকে এমন পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি।
ফলে নিজ ভূমি থেকে টেস্টে বিদায় নেওয়া আর হয়ে উঠল না দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের। ভারতের বিপক্ষে কানপুরে অনুষ্ঠিত ম্যাচটিই ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকল সাকিবের।
৬৫৪ দিন আগে
দ. আফ্রিকা টেস্টে সাকিবের পরিবর্তে খেলবেন হাসান মুরাদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য হাসান মুরাদকে টেস্ট দলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি শুরু হবে ২১ অক্টোবর থেকে।
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। সাকিব জনরোষের কারণে তার নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকায় ম্যাচ খেলতে দেশে ফিরছেন না।
আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনে পতন হওয়া বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব।
২০২১ সালে অভিষেকের পর প্রথম শ্রেণির ৩০ ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী মুরাদ।
আরও পড়ুন: দেশে ফিরছেন না সাকিব
বিসিবি চেয়ারম্যান ও বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেন, 'আমাদের জানানো হয়েছে প্রথম টেস্টে সাকিব থাকছেন না।’
তিনি বলেন, ‘সে (সাকিব) তার টেস্ট ক্যারিয়ারের শেষ পর্যায়ে, কিন্তু তার অভিজ্ঞতার পাশাপাশি ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই তার বিকল্প হিসেবে আমাদের এখনও সেই মানের কেউ নেই।’
তিনি আরও বলেন, হাসান মুরাদের প্রথম শ্রেণির ম্যাচ খেলার ইতিহাস ইঙ্গিত দেয় যে, তিনি স্পিনার হিসাবে ঘরের মাঠে ভাল করতে পারেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট রক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হাথুরুসিংহে, সিমন্সকে নিয়োগ বিসিবির
৬৫৪ দিন আগে
আমি প্রতারক নই: ডোপ নিষেধাজ্ঞা নিয়ে পগবা
ডোপিংয়ের দায়ে পাওয়া চার বছরের নিষেধাজ্ঞা কমে দেড় বছরে নামিয়ে আনার পর ফের মাঠে ফেরার তোড়জোড় শুরু করেছেন ফরাসি ফুটবলার পল পগবা। তবে এ বছরই তার ফেরা হচ্ছে না, আগামী বছরের মার্চে ফুটবলে ফিরতে পারেন তিনি।
শাস্তি কমায় দীর্ঘদিন পর ফুটবল পাড়ায় তাকে নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। তিনিও নানা জনের প্রশ্নের উত্তর দিচ্ছেন; প্রকাশ করছেন নিজের মনের কথাও।
ইনজেকশনের মাধ্যমে শরীরে নিষিদ্ধ উপাদান ঢোকানোর দায়ে চার বছরের নিষেধাজ্ঞায় পড়েন ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। তবে না বুঝেই তা গ্রহণ করেছেন বলে শুরু থেকেই বলে আসছিলেন তিনি। এ বিষয়ে আপিলের পর ইউরোপের ক্রীড়া আদালত তার দাবিটি যুক্তিসঙ্গত বলে মেনে নিয়ে এ মাসের শুরুতেই তার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে নিজের দায় স্বীকার করে পগবা বলেছেন, ‘আমি আর যা-ই হই না কেন, প্রতারক নই। ফুটবল আমি ভালোবাসি। তাই এই খেলাটি নিয়ে আমি মিথ্যাচার করব না। আইনসঙ্গতভাবেই আমি জিততে চাই।’
আরও পড়ুন: দায়িত্ব নিয়েই ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর প্রত্যয় টুখেলের
শাস্তি কমার কারণে আগামী বছরের জানুয়ারি থেকেই অনুশীলনে ফিরতে পারবেন তিনি। তবে মাঠে ফিরতে তার আরও অন্তত দুই মাস অপেক্ষা করতে হবে।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইউভেন্তুসের এই মিডফিল্ডার বলেন, ‘হ্যাঁ, আমি সাপ্লিমেন্ট নিয়েছিলাম, আর তার দায়ও আমার। তবে আমি তা পরীক্ষা করিনি। এজন্য যদি আমার শাস্তি পেতে হয়, তাতে সমস্যা নেই; তবে একটি ভুলের জন্য চার বছরের শাস্তি বেশিই হয়ে যায়।’
ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তির মেয়াদ শেষে ২০২২ সালের গ্রীষ্মে ইতালিয়ান ক্লাব ইউভেন্তুসে যোগ দেন পগবা। তবে একের পর এক চোটে পড়ে ২০২২-২৩ মৌসুমে অনেক ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। এরপর গত মৌসুমে ওল্ড লেডিদের জার্সিতে মাত্র দুই ম্যাচ খেলার পরই ডোপ টেস্টের ফল পজিটিভ আসে তার।
ইউভেন্তুসের সঙ্গে ২০২৬ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। তবে তুরিনের ক্লাবটি হোক কিংবা অন্য কোনো ক্লাব, ফের মাঠে ফিরতে মুখিয়ে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘ধর্ষণ অভিযোগের’ তদন্তের মধ্যে এমবাপেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মাঠে ফিরতে চাই, যেকোনো দলের হয়ে। তবে অবশ্যই ইউভেন্তুস আমার পছন্দের তালিকায় সবার উপরে। সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামতে আর তর সইছে না।’
‘একা একা থাকা, অনুশীলন করা, দেওয়ালে বল পাস করা- সত্যি অনেক কষ্টের। খুব তাড়াতাড়ি ওদের মাঝে ফিরতে চাই।’
‘মুখে কিছু বলতে চাই না। মাঠে আমার পারফরম্যান্সই কথা বলবে। (কোচ) থিয়াগো মোত্তা নিজের চোখে দেখবেন, তারপর বিবেচনা করবেন। ইউভেন্তুসের হয়ে খেলতে (প্রয়োজনে) অর্থ ছাড় দিতেও তৈরি আছি। আমি শুধু ফিরতে চাই।’
৬৫৫ দিন আগে
আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হাথুরুসিংহে, সিমন্সকে নিয়োগ বিসিবির
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেইসঙ্গে নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তিরও অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দেশে না থাকায় দুবাই থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
এর আগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশও পাঠায় তারা।
এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘আইনি জটিলতার কারণে প্রাথমিকভাবে তাকে শোকজ ও সাসপেন্ড করা হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হবে।’
আরও পড়ুন: বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, আসছেন ফিল সিমন্স
মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত করা হচ্ছে বলে জানান বিসিবি সভাপতি। এমনকি চুক্তি নিয়ে বিসিবির সঙ্গেও তিনি অসদাচরণে জড়িয়েছিলেন।
এ বিষয়ে ফারুক বলেন, ‘দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেসব বিবেচনা করে আজকে আমরা তাকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।’
উল্লেখ্য, বিসিবি সভাপতি হওয়ার আগেই হাথুরুসিংহেকে ছাঁটাই করবেন বলে জানিয়েছিলেন ফারুক আহমেদ। পরবর্তীতে পাকিস্তান সফরে টাইগারদের দারুণ সাফল্যের কারণে টিকে গিয়েছিলেন ৫৬ বছর বয়সী এই কোচ। তবে ভারত সফরে ভরাডুবির পর শেষ রক্ষা আর হলো না তার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে এটা ছিল হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়। এর আগে, ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম দফায় টাইগারদের কোচ হন তিনি। তবে, শ্রীলঙ্কার কোচ হতে সে সময় দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল। অবশ্য নিজ দেশেও তিনি বেশি দিন স্থায়ী হতে পারেননি।
এরপর ২০২৩ সালে তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন দ্বিতীয় মেয়াদে ফের হাথুরুসিংহকে ফিরিয়ে আনলে বিষয়টি আবারও সমালোচনার জন্ম দেয়।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়
দ্বিতীয় দফায় তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়েছিল। অর্থাৎ সেই মেয়াদ ছিল আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু তার আগেই বরখাস্ত করা হলো এই কোচকে।
হাথুরুসিংহের কোচিংয়ে ১০ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে জয়-হার সমান ৫টি করে। তবে ওয়ানডেতে জয় এসেছে মাত্র ১৩টি, আর হার ১৯টিতে। এছাড়া টি-টোয়েন্টিতে ১৯টি ম্যাচে জয়, ১৫টিতে হার এবং পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।
অন্যদিকে, দুই দফায় ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্বে ছিলেন সিমন্স। তার অধীনেই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ক্যারিবীয়রা। এছাড়া জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডেরও প্রধান কোচ ছিলেন তিনি। এরপর আফগানিস্তান দলের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা গেছে তাকে। এ ছাড়াও বিভিন্ন দলের পরামর্শক ও বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে সিমন্সের।
৬৫৫ দিন আগে