ক্রিকেট
শান্ত, জাকেরকে বাদ দিয়ে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
লিটন দাসকে অধিনায়ক ও সাইফ হাসানকে সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি ছন্দ হারানো ব্যাটার জাকের আলি অনিক ও নাজমুল হোসেন শান্তর।
রবিবার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে বেশ কিছু উল্লেখযোগ্য নাম বাদ পড়েছে।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো ফর্মে থাকলেও দলে জায়গা পাননি নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে বাদ পড়েছেন উইকেটকিপার–ব্যাটার জাকের আলি। সব মিলিয়ে ২০২৪ সালের বিশ্বকাপ দলে থাকা ৬ ক্রিকেটার এবারের আসর থেকে বাদ পড়েছেন।
অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ দলে নেই। সৌম্য সরকার ও তানভীর ইসলামও তাদের সঙ্গে বাদ পড়েছেন।
গত আসর থেকে ৯ ক্রিকেটার তাদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। স্কোয়াডে সাতজন ব্যাটার, তিনজন স্পিনার এবং পাঁচজন পেসার রাখা হয়েছে।
নতুন করে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি।
৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। লিটনদের শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে। নেপালের বিপক্ষে ম্যাচটি খেলবে ১৭ ফেব্রুয়ারি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড
লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।
১২১ দিন আগে
কেকেআর থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের
চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মোস্তাফিজুর রহমান। তবে তাকেও ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার খবর সামনে এসেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গুয়াহাটিতে একটি ভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলেছে।’
তবে কেকেআর চাইলে তার বদলি হিসেবে বোর্ড অন্য খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেবে বলে জানান তিনি।
২০২৪ সালে জুলাই গণঅভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এসেছে বলে মত বিশ্লেষকদের। তাদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দুই দেশের দ্বিপক্ষীক সম্পর্কে প্রভাব ফেলেছে।
সর্বশেষ এ সিদ্ধান্তের পেছনে দুই দেশেই ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কও কাজ করেছে। সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে একাধিক হামলার খবর পাওয়া গেছে। একই ধরনের ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনা বাংলাদেশেও ঘটেছে। বিশেষ করে গত মাসে ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু নাগরিকের মৃত্যুর ঘটনার পর ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও চাপে পড়ে।
এর পরিপ্রেক্ষিতে মুস্তাফিজকে দলে নেয়ার পর থেকেই কেকেআর ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।
বিজেপি ও শিব সেনার একাধিক রাজনৈতিক নেতা জাতীয় অনুভূতি উপেক্ষা করার অভিযোগ তোলেন। তবে আসন্ন ভারত–বাংলাদেশ সিরিজ নিয়ে বিসিসিআই সচিব কোনো মন্তব্য করেননি।
কলকাতা মুস্তাফিজকে দলে নেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অনাপত্তিপত্র দিয়েছিল। এতে করে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ মিস করে পুরো আইপিএলে খেলার সুযোগ পেতেন।
আইপিএলে মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতাও কম নয়। তিনি এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫টি উইকেট নেন। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই বাঁহাতি পেসারের।
১২২ দিন আগে
সূচিতে রদবদল, সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশোধিত সূচি অনুযায়ী এবার চট্টগ্রামে কোনো ম্যাচ রাখা হয়নি। চট্টগ্রামের পরিবর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ।
বিসিবি জানিয়েছে, ১ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটে লিগ পর্বের আরও ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হবে ঢাকার পর্ব, যা ফাইনাল পর্যন্ত চলবে।
নতুন সূচিতে এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারী হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ।। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৩ জানুয়ারিতে হবে। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
সিলেট ম্যাচের সূচি
নতুন সূচি অনুযায়ী, আজ ১ জানুয়ারি থেকেই ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। দুপুরে সিলেট টাইটান্সের বিপক্ষে খেলবে ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। পরদিন ২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় সিলেট টাইটান্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।
৪ জানুয়ারি সিলেট টাইটান্স–চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্সের ম্যাচ রয়েছে। ৫ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে, সন্ধ্যায় রংপুরের মুখোমুখি চট্টগ্রাম। ৭ ও ৮ জানুয়ারি ঢাকার বিপক্ষে নোয়াখালী, সিলেট ও রাজশাহীর গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে।
৯ জানুয়ারি রাজশাহী–চট্টগ্রাম ও রংপুর–নোয়াখালী, ১১ জানুয়ারি রাজশাহী–রংপুর এবং নোয়াখালী–ঢাকা, আর ১২ জানুয়ারী সিলেট–রংপুর ও রাজশাহী–ঢাকা ম্যাচ দিয়ে শেষ হবে সিলেট পর্ব।
ঢাকার ম্যাচসূচি
১৫ জানুয়ারি ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের শেষ পর্ব। ওই দিন চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটান্সের ম্যাচ রয়েছে। ১৬ ও ১৭ জানুয়ারি লিগ পর্বের শেষ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।
১৯ জানুয়ারি সন্ধ্যায় হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ম্যাচ।
১২৪ দিন আগে
অনুশীলনের মাঝেই হার্ট অ্যাটাক, ঢাকার সহকারী কোচ জ্যাকি মারা গেছেন
বিপিএলে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে আকস্মিকভাবে মাঠে লুটিয়ে পড়ার পর মৃত্যুবরণ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। দ্রুত সিপিআর (প্রাথমিক জরুরি চিকিৎসা) দিয়ে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরুর আগে অনুশীলন চলাকালে এ ঘটনা ঘটে।
ম্যাচ শুরু হতে তখনও ২০ মিনিটের মতো বাকি। এমন সময় নিজ নিজ ড্রেসিং রুমের পাশে অনুশীলন করছিলেন রাজশাহী ও ঢাকার ক্রিকেটাররা। তাদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা।
অনুশীলন চলাকালে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন একজন। তাৎক্ষণিকভাবে ঢাকার অনুশীলকে ঘিরে জটলা তৈরি হয়।
পরে জানা যায়, অসুস্থবোধ করায় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েছেন ঢাকার সহকারী কোচ জ্যাকি। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয়। পরবর্তীতে দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে সিলেটের আল হারামাইন হাসাপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস।
বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদ্রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।
এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
কোচ জ্যাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি শ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন।
বিপিএল ঘিরে গত কয়েক দিন ধরেই দারুণ ব্যস্ত ছিলেন মাহবুব আলী জাকি। মাত্র দুদিন আগেও গণমাধ্যমের সামনে নিজের দলের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। আজ ছিল তার দলের প্রথম পরীক্ষা। অথচ সেই কাঙ্ক্ষিত মুহূর্তের ঠিক আগেই বিদায় নিলেন তিনি।
মাহবুব আলী জাকি কেবল একজন কোচই ছিলেন না, বাংলাদেশের পেস বোলিং শক্তির পেছনেও ছিল তার বড় ভূমিকা। জাতীয় দলের সাবেক এই পেসার খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে নেন। মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদদের মতো তারকা পেসারদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ছিল তার। এমনকি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ঐতিহাসিক দলের কোচিং প্যানেলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তার এমন প্রয়াণে শোকাভিভূত পুরো বিপিএল পরিবার।
তবে দুর্ঘটনার পরও নির্ধারিত সময়েই ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকা।
১২৯ দিন আগে
আজ থেকে অনলাইনে পাওয়া যাবে বিপিএলের সিলেট পর্বের টিকিট
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ডামাডোল। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। এরই মধ্যে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ঘোষণা অনুযায়ী, রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে। এবার দর্শকদের জন্য সব টিকিটই বিক্রি করা হবে অনলাইনে। মাঠ কিংবা ভেন্যুতে কোনো টিকিট কাউন্টার থাকছে না।
অনলাইনে টিকিট কিনতে দর্শকদের প্রবেশ করতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd-এ।
বিসিবি জানিয়েছে, লিগ পর্বের ম্যাচে একটি টিকিটে একই দিনে দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন ২০০ টাকা ব্যয় করে ম্যাচ দেখার সুযোগ থাকছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির প্রতিটি আসনের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মূল্য ২৫০ টাকা, ক্লাব হাউজের আপার জোনের টিকিট ৫০০ টাকা এবং ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনের টিকিটের মূল্য ধরা হয়েছে ৬০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট—এই চারটি জোনের প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
বিপিএলের সিলেট পর্বকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনলাইনে টিকিট বিক্রির মাধ্যমে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
১৩৫ দিন আগে
নারী আম্পায়ার শাথিরা জেসিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অভিনন্দন
ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের (আইভিএলপি) সাবেক শিক্ষার্থী শাথিরা জাকির জেসিকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক বার্তায় তাকে অভিনন্দন জানায় দূতাবাস।
জেসি ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ পরিচালনার জন্য প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়তে চলেছেন।
দূতাবাস বার্তায় জানিয়েছে, আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রাম খেলাধুলার মাধ্যমেও সুযোগ তৈরি করে বিশ্বব্যাপী সংযোগ তৈরি করে এবং উদ্ভাবনকে উৎসাহিত করে।
২৫২ দিন আগে
বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার তাসকিনের, বললেন ‘ভুল বোঝাবুঝি’
শৈশবের বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় দলের ক্রিকেটার পেসার তাসকিন আহমেদ। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি শুধু একটি ভুল বোঝাবুঝি ছিল।
সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। মারধরের অভিযোগকে ‘ভিত্তিহীন গুজব’ আখ্যা দিয়ে তাসকিন আহমেদ তার ভক্তদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২৭ জুলাই) গভীর রাতে রাজধানীর মিরপুর মডেল থানায় সিফাত উর রহমান নামের এক ব্যক্তি একটি জিডি করেন। এতে তিনি অভিযোগ করেন, তাসকিন তাকে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। সিফাত তাসকিনের দীর্ঘদিনের বন্ধু বলেও জানা গেছে।
পোস্টে তাসকিন লিখেন, ‘এমন অভিযোগ আমি, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় ‘
গুজবকে বিশ্বাস না করে মানুষ সত্যের সঙ্গে থাকবেন বলে আশা প্রকাশ করেন জাতীয় দলের এই তারকা খেলোয়াড়।
২৮১ দিন আগে
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বিসিবির
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলমান। এর মধ্যেই শুক্রবার (৩ জুলাই) তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম শেখ।
আর এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাইফউদ্দিন। সবশেষ, গত বছরের মে মাসে জিম্বাবুয়ে সিরিজে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি।
আগামী ১০ জুলাই ক্যান্ডিতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচটি হবে ১৩ জুলাই। তিন দিন পর ১৬ জুলাই শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে কলম্বোতে। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
পড়ুন: টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
টি- টোয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এদিকে, শনিবার (৪ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ।
৩০৫ দিন আগে
রংপুর ক্রিকেট গার্ডেনের দুরবস্থায় বিসিবি সভাপতি হতাশ
রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে রংপুর ক্রিকেট গার্ডেনে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী উৎসব চলাকালে তিনি এসব কথা বলেন।
ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, এই ধরনের মাঠ ক্রিকেটের জন্য কখনোই গ্রহণযোগ্য নয়। এখানে অনেক ভালো করার জায়গা আছে। বিভাগীয় শহর হওয়ার পরও রংপুরে বিভাগীয় স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম নেই। এটি দুঃখজনক।
তিনি বলেন, ‘ক্রিকেটটা শুধু ঢাকাকেন্দ্রিক নয়, সব জায়গায় ছড়িয়ে দেওয়া চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ভালোমানের খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল শুধরিয়ে নতুন ধারায় এগিয়ে যাবে বাংলাদেশ।’
পাশাপাশি রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমিসহ ক্রিকেটারদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার দ্বার উন্মুক্ত করার প্রতিশ্রুতি দেন বিসিবি সভাপতি।
আরও পড়ুন: টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘সারা দেশের অন্যান্য বিভাগীয় নগরীর মতো রংপুরও সেসব সুবিধা পাওয়ার অধিকার রাখে। কারণ রংপুর থেকেও ক্রিকেটাররা জাতীয় ক্রিকেটে প্রতিনিধিত্ব করছে। এখানকার ক্রিকেটারদের মেধা আছে। সেই মেধার মুল্যায়ন অবশ্যই বিসিবি করবে।’
রংপুরে গত পাঁচ বছরে কোনো লিগ বা টুর্নামেন্ট আয়োজন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে কী হয়েছে জানি না, তবে এখন ধাপে ধাপে সবকিছু করা হবে। দেশের কোনও অঞ্চলই অবহেলিত থাকবে না। সব অঞ্চলের খেলোয়াড়দের মূল্যায়নের আওতায় আনা হবে। সব বিভাগেই বয়সভিত্তিক লিগ ও টুর্নামেন্ট আয়োজন করা হবে।’
পরে অভিভাবকদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি জেলা ও স্থানীয় প্রশাসন। তিনি ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন এবং তাদের উৎসাহিত করেন।
৩১১ দিন আগে
টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে হারের পর আরও এক দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা। টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
শনিবার (২৮ জুন) কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ৭৮ রান ও ইনিংস ব্যবধানে হারের লজ্জায় পড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শান্ত।
সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, টেস্ট দলের নেতৃত্বে আর থাকতে চান না তিনি। বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানান তিনি।
২০২৪ সালে ক্রিকেটের তিন সংস্করণেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব পান নাজমুল। পরে এ বছরের শুরুতে টি–টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন তিনি। সে সময় তার স্থলাভিষিক্ত হন লিটন দাসকে। এরপর চলমান শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে তাকে ওয়ানডে দলের নেতৃত্বেও না রাখার বিষয়টি জানতে পারেন শান্ত। তার বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবল বাংলাদেশ
এরপর কলম্বো টেস্ট সিরিজ শুরুর আগেই শান্তর নেতৃত্ব ছাড়ার গুঞ্জন ওঠে। টেস্ট হারের পর সেই গুঞ্জন বাস্তবতায় পরিণত হলো।
বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের ত্রয়োদশ টেস্ট অধিনায়ক শান্ত। তার অধীনে ১৪টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি, পাকিস্তানের বিপক্ষে দুটি ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।
এ ছাড়া ওয়ানডে ফরম্যাটে শান্তর অধীনে ১৩ ম্যাচ খেলে ৪টি জিততে পেরেছে বাংলাদেশ।
অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডেতে শান্তর ব্যক্তিগত পারফর্ম্যান্স ভালোই ছিল বলতে হয়। টেস্টে ক্যারিয়ারে তার ব্যাটিং গড় ৩২ হলেও অধিনায়ক হিসেবে তার গড় ৩৬। তার পুরো ক্যারিয়ারে ৭ সেঞ্চুরি আর ৫ ফিফটির মধ্যে ৩টি সেঞ্চুরি ও ২টি অর্ধ-শতক এসেছে অধিনায়ক হওয়ার পর।
সবশেষ, চলতি সিরিজে এক টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসে শতক হাঁকানোর নজিরও গড়েন তিনি। গল টেস্টে প্রথম ইনিংসে ১৪৮ রান ও দ্বিতীয় ইনিংসে ১২৫ রানে অপরাজিত ইনিংস খেলেন সদ্য টেস্টের অধিনায়কত্ব ছাড়া এই ব্যাটার।
ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তিনি আরও ভালো খেলেছেন। অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় ৫১। ক্যারিয়ারসেরা অপরাজিত ১২২ রানের ইনিংসটি অধিনায়ক থাকাকালেই এসেছে তার ব্যাট থেকে। সঙ্গে তার স্ট্রাইক রেটেও উন্নতি হয়েছে।
৩১১ দিন আগে