পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে সম্পূর্ণ বদ্ধপরিকর ও সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এদিন হাসপাতালে পুলিশ সদস্যদের শয্যার পাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এ সময় আহত সদস্যদের সাহস জোগানোর পাশাপাশি তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন মন্ত্রী।
তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্য পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, কারও মাথায় আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙে গেছে। ইতোমধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজন সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, চাকরিতে যোগদানের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে-বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং তারা অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে জ্বালাও-পোড়াওয়ের অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়নে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এসব অপচেষ্টা কখনোই সফল হবে না।
সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।
এছাড়া ভিনদেশি ব্যক্তিদের অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনার নির্দেশ দেন।
এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে নেওয়া প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
পুলিশ সদস্যদের চিকিৎসার বড় একটি অংশ আঘাতজনিত হওয়ায় হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো এবং এ-সংক্রান্ত বিশেষায়িত সেবার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একটি ক্যানসার ইউনিট বা শাখা খোলার বিষয়েও ইতিবাচক মতামত দেন তিনি।
এ সময় হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম চিকিৎসা কার্যক্রমের সার্বিক চিত্র মন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জে, একজন গাজীপুর সদরে ও একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।