রাজধানীর উত্তরখানের এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় দায়িত্ব পালনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে এসটিএসে কর্মরত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালায়।
হামলার খবর পেয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন।
তিনি ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
পরে প্রশাসক ও সংসদ সদস্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় মো. শফিকুল ইসলাম খান বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মো. শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনকে অসত্য বলে দাবি করেছে ডিএনসিসি।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন ইউএনবিকে বলেন, ‘প্রশাসক বা সংসদ সদস্য নন, হামলার শিকার হয়েছেন পরিচ্ছন্নতাকর্মীরা।’