বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করে বিনিয়োগ বাড়াতে জাপান আগ্রহী বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন সে দেশের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই।
বুধবার (২৮ অক্টোবর) জাপানে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আকাজাওয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
এ সময় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান।
তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে সাম্প্রতিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার বিভিন্ন খাত এগিয়ে নেওয়া এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে উভয় পক্ষ একমত হয়।
বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে দেশটির ব্যবসায়ী নেতাদের মধ্যে বিদ্যমান আগ্রহকে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তারা।