মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্ভবত এখনো জীবিত আছেন, তবে সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর তিনি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামলার সময় খামেনি আহত হয়ে থাকতে পারেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডকে ট্রাম্প বলেন, আমি মনে করি, তিনি জীবিত আছেন। আমার মনে হয় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে তিনি সম্ভবত বেঁচে আছেন।
গত বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির পক্ষ থেকে একটি বিবৃতি প্রচার করার পর ট্রাম্প এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম বার্তা।
চলতি সপ্তাহের শুরুর দিকে সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন যে, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা খামেনি আহত হয়েছেন। ওই হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন।
রাষ্ট্রদূতের এই মন্তব্য মার্কিন গণমাধ্যমের আগের সেই প্রতিবেদনগুলোরই প্রতিধ্বনি, যেখানে বলা হয়েছিল, হামলায় মোজতবা খামেনি জখম হয়েছেন।