ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে করা আন্দোলনে হামলায় আহত এক শ্রমিকের ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার এজাহারনামীয় এক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শ্রমিক সেলিম ইসলাম (৩১) ট্রেন্ট সুজ কারখানার সুইং সেকশনের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর ১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় অবস্থিত ট্রেন্ট সুজ (ফরচুন জিপার) কারখানায় এ হামলার ঘটনা ঘটে। মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকরা কারখানাটিতে হামলা চালালে তিনজন শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে সেলিমের অবস্থা গুরুতর হওয়ায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ৫ নভেম্বর তার অবস্থার অবনতি ঘটলে সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষে প্রিন্স সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।
মামলার এজাহারে রনজিত বিশ্বাসসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে। পরে মামলার তদন্তে এজাহারনামীয় রনজিতসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তার বাকি ৪ জনের বিষয়ে তদন্ত চলছে।
এদিকে, সোমবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।