রাজশাহীর দুর্গাপুরে চাপাতি দিয়ে কুপিয়ে একজন এনজিওকর্মীকে গুরুতর আহত করে প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে দুর্গাপুর পৌরসভার সিংগা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহিনুর রহমান (২৯) বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি বেসরকারি এনজিও ‘বীজ’-এর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত আছেন। ঘটনার সময় তার সহকর্মী মনিরা খাতুন তার সঙ্গে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিস্তির টাকা আদায় শেষে মোটরসাইকেলে চড়ে অফিসে ফিরছিলেন শাহিনুর রহমান ও মনিরা খাতুন। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে তারা সিংগা পশ্চিমপাড়ার একটি মিলঘরের দক্ষিণে পাকা সড়কে অবস্থান নেন। এ সময় তারা অফিসে তেল ফুরিয়ে যাওয়ার বিষয়টি জানান। তাদের অফিস থেকে অন্য একটি মোটরসাইকেলে করে তাদের কাছে তেল পৌঁছে দেওয়ার কথা বলা হয়।
ওই সময় হেলমেট পরা দুই অজ্ঞাত যুবক মোটরসাইকেলে এসে তাদের কাছে দাঁড়ান। তখন মোবাইল ফোনে ওই দুই সহকর্মীর ভিডিও ধারণ শুরু করেন তারা। এতে আপত্তি জানালে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই দুই যুবক তাদের নিকট থাকা ব্যাগ থেকে চাপাতি বের করে শাহিনুর রহমানের ওপর হামলা চালান। এতে তার ডান হাতের বাহু ও বাম হাতের আঙুলে গুরুতর জখম হয়। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর হামলাকারীরা অপর সহকর্মী মনিরা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেন।
ব্যাগে কিস্তি আদায়ের প্রায় এক লাখ টাকা ছিল বলে জানান মনিরা খাতুন। পরে টাকা নিয়ে দ্রুত দুর্গাপুর বাজারের দিকে পালিয়ে যান তারা।
স্থানীয়রা আহত শাহিনুর রহমানকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।