খেলাধুলা
সংবাদ সম্মেলন থেকে রেহাই পেতে বেতনের অর্ধেক ছাড়তে রাজি এনরিকে
দলের বিভিন্ন খবর জানাতে ম্যাচের আগে-পরে ও নানা সময়ে সংবাদ সম্মেলনে বসতে হয় ক্লাবের ম্যানেজারকে। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া একদমই পছন্দ নয় পিএসজি কোচ লুইস এনরিকের। এ নিয়ে তিনি এতটাই অস্বস্তিতে ভোগেন যে, ক্লাব যদি তার বেতনের ৫০ শতাংশ কেটে রেখে সংবাদ সম্মেলন থেকে রেহাই দেয়, তা তিনি সানন্দে গ্রহণ করবেন।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও নিজের মুখেই এ কথা জানিয়েছেন ৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।
শুক্রবার রাতে লিগ-১ এর ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলন করেন এনরিকে। এ সময় সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
পিএসজি কোচ বলেন, ‘আপনাদের (সাংবাদিক) সঙ্গে আমি অনেক মজা করে থাকি। কিন্তু এটি (সংবাদ সম্মেলন থেকে রেহাই) সত্যি।’
আরও পড়ুন: পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
অস্বস্তিবোধ করলেও কখনোই সংক্ষিপ্ত পরিসরে সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন না জানিয়ে এনরিকে বলেন, ‘আমি কথা বলতে পছন্দ করি। কিন্তু আমার কাছে যদি এমন অপশন থাকত যে সংবাদ সম্মেলনে আর কথা বলতে হবে না, আমি অবশ্যই সেটি গ্রহণ করতাম। এমনকি যদি বেতনের ২৫ বা ৫০ শতাংশ কেটে নেওয়ার বিনিময়ে (চুক্তিপত্রে) এই সুযোগ রাখা হতো, আমি সই করতে একটুও দ্বিধা করতাম না।’
তবে বাস্তবে এমনটি সম্ভব নয় জানিয়ে এই কোচ বলেন, ‘ক্লাবগুলো আসলে চায় যে কোচরা (সাংবাদিকদের সঙ্গে) কথা বলুক। তবে সুযোগ থাকলে আমি অবশ্যই এটি করতাম। বিশেষ করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বসতে একদমই ভালো লাগে না। কারণ ম্যাচ শেষ করার পর আর শক্তি অবশিষ্ট থাকে না। এ সময় কিছু বিষয় নিয়ে কথা বলাটা সত্যিই ক্লান্তিকর।’
চলতি মৌসুমে লিগ-১ এ এখন পর্যন্ত পিএসজি ভালো অবস্থানে থাকলেও তাদের তুমূল প্রতিদ্বন্দ্বিতা দিয়ে চলেছে অলিম্পিক মার্শেই ও এএস মোনাকো।
লিগে পাঁচ ম্যাচ খেলে চারটি জয় ও একটি ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে এনরিকের শিষ্যরা। সমান পয়েন্ট নিয়েও শুধু গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মার্শেই ও মোনাকো।
আরও পড়ুন: এমবাপ্পের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে প্রস্তুত পিএসজি
৫২৫ দিন আগে
এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ: ভিয়েতনামের কাছে হেরে বাছাইপর্ব থেকেই বাংলাদেশের বিদায়
ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে বাংলাদেশের।
ভিয়েতনামের হাই ফং শহরের লাচ ট্রে স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ১-৪ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা।
এদিন হোয়াং মিনহ তিয়েনের গোলে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের আধঘণ্টা না পেরোতেই ব্যবধান দ্বিগুন করেন ভিয়েতনামের এই ফরোয়ার্ড। এর ৪১তম মিনিটে একটি গোল পরিশোধ করে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন পিয়াস নোভা, কিন্তু পরের মিনিটেই তৃতীয় গোলটি করে সে আশার গুড়ে বালি দেন ভিয়তনামের কুয়াং দুয়েত।
দ্বিতীয়ার্ধের ব্যবধান কমানোর একাধিক চেষ্টা করে বাংলাদেশ, তবে ৮২তম মিনিটে কং ফুওংয়ের নিচু ফ্রি কিক কাছের পোস্ট দিয়ে জালে জড়ালে বাংলাদেশের আশা কার্যত শেষ হয়ে যায়।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে প্রথম শিরোপা জিতল বাংলাদেশ
এর আগে, হার দিয়ে বাছাইপর্বের ‘এ’ গ্রুপের যাত্রা শুরু করে বাংলাদেশ। সিরিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে হারের পর গুয়ামের বিপক্ষে ২-২ ড্র করেছিল যুবারা। বাছাইপর্ব পেরোতে তাই ভিয়েতনামের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মারুফুল হকের শিষ্যদের।
এই হারের পর তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে বাংলাদেশ। ৯ পয়েন্ট করে নিয়ে টেবিলের শীর্ষ দুই দল সিরিয়া ও ভিয়েতনাম।
নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আগামী রবিবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
৫২৫ দিন আগে
সিটি সমর্থকদের জোড়া দুঃসংবাদ দিলেন গার্দিওলা
হাঁটুতে চোট পাওয়ায় ম্যানচেস্টার সিটির মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকে কতদিনের জন্য হারাতে হবে, এ নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্লাবটির সমর্থকরা। এবার তাকে নিয়ে সবচেয়ে বাজে খবরটিই দিলেন কোচ পেপ গার্দিওলা। তিনি জানিয়েছেন, ওই চোটে মৌসুমই শেষ হয়ে গেছে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের।
প্রিমিয়ার লিগে গত রবিবার (২২ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে খেলতে নেমে চোট পান রদ্রি। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসায় সুস্থবোধ না করলে তাকে উঠিয়ে নিতে বাধ্য হন গার্দিওলা। পরের দিন মেডিকেল পরীক্ষার জন্য বার্সেলোনায় যান তিনি। সেখানে পরীক্ষায় তার এসিএলে চোট ধরা পড়ে।
শুক্রবার সংবাদ সম্মেলনে রদ্রির চোটের বিষয়টি নিশ্চিত করে গার্দিওলা বলেন, ‘আজ সকালে ওর (রদ্রি) সার্জারি সম্পন্ন হয়েছে। এই মৌসুমে ওকে আর পাওয়ার সম্ভাবনা নেই।’
‘(রদ্রির) এসিএল ও মেনিসকাসে সার্জারি হয়েছে। ফলে তার এই মৌসুম শেষ, আগামী মৌসুমে তাকে মাঠে পাওয়া যাবে।’
আরও পড়ুন: ১০ জনের আর্সেনালের বিপক্ষে কোনোমতে হার এড়াল সিটি
তিনি বলেন, ‘সম্ভাব্য সবচেয়ে বাজে খবরটিই দিতে হচ্ছে। কিন্তু কী আর করার! দুর্ভাগ্যবশতঃ মাঝে মাঝে এমন হয়ে থাকে। তবে (সেরে উঠতে) আমরা তাকে সব ধরনের সাপোর্ট দেব।’
রদ্রির পরিবর্তে তাহলে সিটির মাঝমাঠের নিয়ন্ত্রণ করবে কে- এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘দেখুন, ও (মাঠে) যা দেয়, ওইরকম খেলোয়াড় বর্তমানে আমাদের স্কোয়াডে নেই। তবে একাদশের সবাই মিলে এখন রদ্রির অভাব পূরণ করবে।’
‘একটি দল হিসেবে আমাদের এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবং অবশ্যই আমাদের বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে হবে। কারণ তার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা দীর্ঘ সময়ের জন্য হারিয়েছি।’
‘আমাদের অসাধারণ সব খেলোয়াড় রয়েছে, আমরা অবশ্যই এর বিকল্প বের করব, আর এটাই এখন করণীয়।’
আরও পড়ুন: ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডের ড্র: কঠিন প্রতিপক্ষ পেল শুধু সিটি
আগামীকাল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে সিটি। এই ম্যাচের জন্য আরও একটি দুঃসংবাদ দিয়েছেন গার্দিওয়ালা। দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য কেভিন ডি ব্রুইনে এই ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘ও এখনও মাঠে ফিরতে পুরোপুরি প্রস্তুত নয়। তবে (অক্টোবরের) আন্তর্জাতিক বিরতির আগে হয়তো ফিরতে পারে।’
আগামী ৬ অক্টোবর খেলার পর আন্তর্জাতিক বিরতিতে যাবে ইউরোপীয় ফুটবল। এ সময় থেকে উয়েফা নেশন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ১৮ অক্টোবর থেকে ফের মাঠে গড়াবে ক্লাব ফুটবল।
৫২৫ দিন আগে
বৃষ্টিতে মধ্যাহ্নভোজের পরপরই থামল প্রথম দিনের খেলা
মধ্যাহ্নভোজের পর মাঠে নেমে ৯ ওভার খেলা হতে না হতেই বৃষ্টির হানা। এরপর মুষলধারে নামা বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা না গেলে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন আম্পায়াররা।
কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টি ও আলোকস্বল্পতা মিলিয়ে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এই সময়ে ১০৭ রান তুলতে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।
দেড় বছর পর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪০ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল হক, অন্যপ্রান্তে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৬।
আরও পড়ুন: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
বাংলাদেশের দুই ওপেনারকে ফিরিয়েছেন ভারতের আকাশ দীপ, আর ৩১ বলে ৫৭ রান করে অশ্বিনের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরতে হয় অধিনায়ক শান্তকে।
এদিন বৃষ্টি ও ভেজা মাঠের কারণে সকালে খেলা শুরু হতে আধঘণ্টা দেরি হয়। পরবর্তীতে শান্ত আউট হলে আলোকস্বল্পতায় খেলা বন্ধ রাখা হয়। এরপর বৃষ্টি নামলে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
চেন্নাই টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনে কানপুর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার পরিবর্তে সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার তাইজুল ইসলামকে দ্বিতীয় টেস্টে সুযোগ দেওয়া হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ১০৭/৩ (মুমিনুল ৪০*, শান্ত ৩১, সাদমান ২৪; আকাশ ২/৩৪, অশ্বিন ১/২২)।
৫২৫ দিন আগে
বার্সেলোনা ও সমর্থকদের উয়েফার শাস্তি
বর্ণবাদী আচরণের অভিযোগে ফুটবল ক্লাব বার্সেলোনার সমর্থকদের শাস্তি দিয়েছে উয়েফা। পাশাপাশি ক্লাবটিকেও আর্থিক জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে মোনাকোর বিপক্ষে অনুষ্ঠিত চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রথম ম্যাচে। ম্যাচের শুরুতেই দশজনের দলে পরিণত হওয়া ম্যাচটি কাতালানরা হারে ১-২ ব্যবধানে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার এক সমর্থকের ছবি ভাইরাল হয়। ওই ছবিতে লোকটিকে ‘নাৎসি’ প্রতীক সম্বলিত একটি ব্যানার নিয়ে গ্যালারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: শুরুতেই লাল কার্ড, হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার
এ বিষয়ে তদন্তের পর অভিযোগের সত্যতা মেলায় ক্লাবটি ও এর সমর্থকদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। শাস্তি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা সমর্থকদের গ্যালারিতে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ক্লাবটিকে ১০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও উয়েফার আরও একটি অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার টিকিট বিক্রি নিষিদ্ধ করেছে উয়েফা, তবে এই শাস্তি আপাতত এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
আগামী ৬ নভেম্বর সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে কাতালান জায়ান্টরা। ওই ম্যাচে ভক্তদের সমর্থন ছাড়াই খেলতে হবে দলটিকে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
তবে সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে বার্সেলোনার শাস্তি পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এপ্রিল মাসে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ২৫ হাজার ইউরো জরিমানা গুনতে হয় ক্লাবটিকে। সে সময় পার্ক দে প্রান্সে পিএসজির বিপক্ষে ম্যাচ চলাকালে বার্সেলোনার সমর্থকদের নাৎসি স্যালুট ও বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে।
এ বিষয়ে বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ত বলেছেন, ‘অগ্রহণযোগ্য। এটা খুবই বিরক্তিকর ও দুঃখজনক, যদি কেউ বলে যে তারা ক্লাবকে ভালোবেসে এমন আচরণ করে। সবকিছুর একটা সীমা আছে। কোনোভাবেই এই ঘটনার আর পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না; কখনও না।’
৫২৫ দিন আগে
শেষ টেস্ট খেলে দেশ ছাড়ার ইঙ্গিত সাকিবের
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আগামী মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। এরপর দেশ ছাড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি।
ভারতের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কানপুরে টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই এবং খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। বোর্ড চেষ্টা করছে এটা কীভাবে সুন্দর করে আয়োজন করতে পারে। দেশে যাতে নিরাপদে খেলতে পারি। দেশ থেকে যেন নিরাপদে বেরও হতে পারি।’
সংসদ সদস্য হওয়ায় আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিবের নামে মামলা হয়। সম্প্রতি শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। এসব বিষয়ে নিজের নিরাপত্তা নিয়ে এ সময় শঙ্কা প্রকাশ করেন সাকিব।
তিনি বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ ফিল করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অ্যাট লিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’
আরও পড়ুন: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
এ সময় টি-টোয়েন্টি থেকেও নিজেকে সরিয় নেওয়ার কথা জানান দীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশের জার্সি পরে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে আলো ছড়ানো এই ক্রিকেটার।
‘এখন নিজেকে টি-টোয়েন্টির জন্যও দেখছি না। সে হিসেবে মনে করতে পারেন এই দুই সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) নিজের শেষ দেখছি।’
তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তিনি।
এ বিষয়ে সাকিবের বক্তব্য, ‘নির্বাচক, সভাপতি, বোর্ডের সবার সঙ্গে কথা বলেছি যে এটাই সেরা সময় টি-টোয়েন্টি থেকে আমি মুভ অন করি। নতুন খেলোয়াড়েরা আসুক। আমি এর মধ্যে যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো করি, তখন যদি ফিট থাকি, ৬ মাস বা ১ বছর পর যদি তারা মনে করে আমার অবদান রাখার সুযোগ আছে, তখন চিন্তা করতে পারি।’
৫২৬ দিন আগে
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
রাজনৈতিক ক্যারিয়ার ও মাঠের অফ-ফর্ম নিয়ে সমালোচনার মধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন সাকিব।
তবে ঘরের মাঠে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তার।
আরও পড়ুন: ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব
সাকিব বলেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। মিরপুর থেকে টেস্টে বিদায় নেব।'
আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলেন সাকিব।
ওয়ানডে ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছা রয়েছে।
আরও পড়ুন: শেয়ারের দর কারসাজির দায়ে ক্রিকেটার সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা
৫২৬ দিন আগে
ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডের ড্র: কঠিন প্রতিপক্ষ পেল শুধু সিটি
ইংলিশ ফুটবল লিগ কাপ ওরফে লিগ কাপ ও ক্যারাবাও কাপের তৃতীয় রাউন্ডের খেলা শেষ হতে আর মাত্র একটি ম্যাচ বাকি। এমন সময়ে হয়ে গেল চতুর্থ রাউন্ডের ড্র।
বুধাবার রাতে স্ব স্ব ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এই দুই ম্যাচের মধ্য দিয়ে চতুর্থ রাউন্ডের ১৫টি দল নিশ্চিত হয়ে গেছে।
বাকি রয়েছে শুধু নিউক্যাসল ও এএফসি উইম্বল্ডনের মধ্যকার ম্যাচটি। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। তার আগেই অবশ্য ম্যাচজয়ী দলটির চতুর্থ রাউন্ডের প্রতিপক্ষের নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যামের বিপক্ষে বড় জয় লিভারপুলের
চতুর্থ রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে পেয়েছে বর্তমান শিরোপাধারী লিভারপুল। এছাড়া ঘরের মাঠে লেস্টার সিটির মোকাবিলা করবে এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় রাউন্ডের ম্যাচে বার্নসলিকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারায় তারা।
তবে ইউনাইটেডের মতো ভাগ্য সুপ্রসন্ন নয় ম্যানচেস্টার সিটির। চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম। ফলে চতুর্থ রাউন্ডেই প্রিমিয়ার লিগের এই বড় দলদুটির একটিকে বিদায় নিতে হবে।
এছাড়া ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। আর দ্বিতীয় বিভাগের দল প্রেস্টনের মাঠে খেলতে যাবে আর্সেনাল, শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে খেলবে ব্রেন্টফোর্ড এবং স্টোক সিটিকে নিজেদের মাঠে আতিথ্য দেবে সাউথহ্যাম্পটন।
আরও পড়ুন: বড় জয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনাল
চতুর্থ রাউন্ডে প্রতিপক্ষ কে হবে তা জানতে আগামী ১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে চেলসিকে। উইম্বল্ডন বা নিউক্যাসল যে-ই আসুক, তাদের মাঠেই খেলতে হবে এনসো মারেসকার শিষ্যদের।
আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডের খেলা। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ম্যাচগুলো একযোগে শুরু হবে।
এক নজরে চতুর্থ রাউন্ডের ড্র
- ব্রেন্টফোর্ড বনাম শেফিল্ড ওয়েন্সডে
- সাউথহ্যাম্পটন বনাম স্টোক সিটি
- টটেনহ্যাম বনাম ম্যানচেস্টার সিটি
- উইম্বলডন অথবা নিউক্যাসল বনাম চেলসি
- ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লেস্টার সিটি
- ব্রাইটন বনাম লিভারপুল
- প্রেস্টন বনাম আর্সেনাল
- অ্যাস্টন ভিলা বনাম ক্রিস্টাল প্যালেস
উল্লেখ্য, বাঁ পাশের দলটি ঘরের মাঠে খেলার সুবিধা পাবে।
আরও পড়ুন: এনকুঙ্কুর হ্যাটট্রিকে লিগ কাপে চেলসির গোল উৎসব
৫২৭ দিন আগে
পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যামের বিপক্ষে বড় জয় লিভারপুলের
শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে লিভারপুল। ফলে লিগ কাপের তৃতীয় রাউন্ড উতরে চতুর্থ রাউন্ডে উঠেছে আর্নে স্লটের দল।
অ্যানফিল্ডে লিগ কাপের (ক্যারাবাও কাপ) তৃতীয় রাউন্ডের ম্যাচে স্থানীয় সময় বুধবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৫-১ গোলের জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২১তম মিনিটে লিভারপুল ডিফেন্ডার জ্যারেল কুয়ানশার আত্মঘাতী গোলে এগিয়ে যায় হ্যামাররা। তবে সমতায় ফিরতে সময় নষ্ট করেনি লিভারপুল। চার মিনিট পরই ফেদেরিকো কিয়েসার পাস থেকে দলকে সমতায় ফেরান দলটির পর্তুগিজ উইঙ্গার দিয়োগো জোতা।
আরও পড়ুন: বড় জয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনাল
বিরতির আগে আর গোল না হলেও ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল ওয়েস্ট হ্যামের জন্য একপ্রকার দুঃস্বপ্নের মতো। এই অর্ধে চারটি গোল খেয়েছে তারা। পাশাপাশি দ্বিতীয় হলুদ কার্ড দেখে এদসন আলভারেস মাঠ ছাড়লে শেষের ২৪ মিনিট একজন কম নিয়ে খেলা লাগে ইউলেন লোপেতেগির শিষ্যদের।
ম্যাচের ৪৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করে দলকে প্রথমবারের মতো এগিয়ে নেন জোতা। এরপর ৭৪তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ।
পরে দশজনের বিপক্ষে ম্যাচের ৯০তম ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরও দুটি গোল করেন কোডি গাকপো। ফলে ৫-১ গোলের বড় জয় নিয়ে ম্যাচে শেষ করে লিভারপুল।
দিনের অপর ম্যাচে একই ব্যবধানের জয় পেয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল।
আরও পড়ুন: এনকুঙ্কুর হ্যাটট্রিকে লিগ কাপে চেলসির গোল উৎসব
৫২৭ দিন আগে
বড় জয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনাল
সবশেষ চার ম্যাচের তিনটি ড্র করার পর অবশেষে জয় পেয়েছে আর্সেনাল। তবে শুধু জয় নয়, লিগ কাপের ম্যাচ খেলতে নেমে প্রতিপক্ষের জালে রীতিমতো গোল উৎসব করেছে তারা।
এমিরেটস স্টেডিয়াম স্থানীয় সময় বুধবার রাতে লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে লিগ ওয়ানের ক্লাব বোল্টন ওয়ান্ডারার্সের বিপেক্ষ ৫-১ গোলে জিতেছে আর্সেনাল।
এই ম্যাচে বেশ কয়েকটি ‘প্রথম’ এর সাক্ষী হয়েছে আর্সেনাল সমর্থকরা।
ডেকলান রাইসের গোলে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় আর্সেনাল। এরপর মূল দলে অভিষেক হওয়া ম্যাচে জোড়া গোল করে বোল্টনকে ম্যাচ থেকে ছিটকে দেন আর্সেনালের ১৭ বছর বয়সী তরুণ প্রতিভা ইথান নোয়ানেরি। ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন গানারদের জার্সিতে প্রথমবার পেশাদার ফুটবল খেলতে মাঠে নামা এই তরুণ।
আরও পড়ুন: এনকুঙ্কুর হ্যাটট্রিকে লিগ কাপে চেলসির গোল উৎসব
এছাড়া আর্সেনালের জার্সিতে এদিন প্রথম গোলের দেখা পেয়েছেন রাহিম স্টার্লিংও। ম্যাচের ৬৪তম মিনিটে একক নৈপুণ্যে ব্যবধান বাড়ান তিনি। এরপর ৭৭তম মিনিটে পঞ্চম গোলটি করেন কাই হাভার্টস।
অন্যদিকে, বোল্টনের একমাত্র গোলটি আসে অ্যারন কলিন্সের পা থেকে।
পুরো ম্যাচজুড়ে এদিন বোল্টনকে চাপে রাখে মিকেল আর্তেতার শিষ্যরা। ম্যাচের ৭৫ শতাংশ সময় বলের ওপর নিয়ন্ত্রণ রেখে মোট ১৫টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। অপরদিকে, বোল্টনের চারটি শটের লক্ষ্যে ছিল শুধু গোল পাওয়া শটটি।
এছাড়া, চোটের কারণে ডেভিড রায়ার অনুপস্থিতিতে মাত্র ১৬ বছর ৭২ দিন বয়সে মাঠে নেমে আর্সেনালের সর্বকনিষ্ঠ গোলরক্ষকই শুধু নয়, ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার বনে যান জ্যাক পর্টার। এর ফলে ২০০৩ সালের অক্টোবরে সেস্ক ফাব্রেগাসের গড়া রেকর্ড ভাঙেন এই গোলরক্ষক। লিগ কাপেই রথ্যারহ্যামের বিপক্ষে অভিষেক ম্যাচের দিন তার বয়স ছিল ১৬ বছর ১৭৭ দিন।
দিনের অপর ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে লিভারপুল, আর ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-১ গোলের সমতায় রুখে দিয়েছে টোয়েন্টে।
৫২৭ দিন আগে