খেলাধুলা
জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু
একের পর এক টুর্নামেন্টে তীরে গিয়েও তরী ডোবার পর ইংল্যান্ডের দায়িত্ব ছাড়েন কোচ গ্যারেথ সাউথগেট। তবে অন্তর্বতীকালীন কোচের হাত ধরে জয় দিয়েই সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু করেছে ইংল্যান্ড।
উয়েফা নেশন্স লিগের ‘বি’ লিগের গ্রুপ-২ এর ম্যাচে শনিবার রাতে আয়ারল্যান্ডের মাঠে ২-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।
এদিন ইংল্যান্ডের দুটি গোলই আসে একসময় আয়ারল্যান্ডের হয়ে খেলা দুই ফুটবলারের পা থেকে। ম্যাচের একাদশ মিনিটে ডেকলান রাইস দলকে এগিয়ে নেওয়ার পর ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জ্যাক গ্রিলিশ।
আরও পড়ুন: দ্রুততম গোলের রেকর্ড গড়েও ইতালিতে বিধ্বস্ত ফ্রান্স
মাঠে নামলে গ্রিলিশ ও রাইসকে যে দুয়ো শুনতে হবে, তা আগেই আলোচনা হয়েছিল, আর মাঠে নামার পর তারই বাস্তবায়ন করে আইরিশ সমর্থকরা। দুজনের কারও পায়ে বল গেলেই গর্জে ওঠে দর্শকরা।
দুজনই একসময় আয়ারল্যান্ডের হয়ে খেলতেন। পূর্বপুরুষের দ্বৈত নাগরিকত্ব সুবিধা থাকায় দুই দেশের যেকোনো একটিতে খেলার সুযোগ ছিল তাদের। পরে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নেন তারা।
এর মধ্যে ২০১৩ সালে আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে অভিষিক্ত হন গ্রিলিশ। দুই বছর পর আয়ারল্যান্ডের বর্ষসেরা যুব ফুটবলারও নির্বাচিত হন তিনি। তবে তার প্রতিভা দেখে ইংল্যান্ডের জার্সিতে খেলার প্রস্তাব দেয় দেশটির ফুটবল ফেডারেশন। এরপর ২০১৫ সালেই আয়ারল্যান্ড ছেড়ে ইংল্যান্ডের সিনিয়র ফুটবলে নাম লেখান গ্রিলিশ।
অনদিকে, রাইসের আয়ারল্যান্ড ক্যারিয়ার আরও উজ্জ্বল। দেশটির অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। এমনকি ২০১৮ সালের ২৩ মার্চ তুরস্কের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেকও হয় তার। তাকে আইরিশদের ভবিষ্যৎ অধিনায়কও ভাবছিল দেশটির ফুটবলভক্তরা।
তবে আয়ারল্যান্ডের জার্সিতে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ইংল্যান্ডের প্রস্তাবে দেশ পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি। এরপর ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি তার সিদ্ধান্ত ঘোষণা করেন এবং ৫ মার্চ ফিফা তার জাতীয়তা পরিবর্তন করে। এরপর ওই বছরের ২২ মার্চ চেক রিপাবলিকের বিপক্ষে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় এই মিডফিল্ডারের।
তাদের এই দেশ পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারেনি আয়ারল্যান্ডের অনেক দর্শক। আইরিশদের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছেন বলে মনে করে থাকেন দেশটির অনেকে।
আরও পড়ুন: পর্তুগালের জয়ের রাতে ইতিহাস গড়লেন রোনালদো
তবে এদিন এই দুই সাবেক আইরিশ ফুটবলারেই বধ হয়েছে আয়ারল্যান্ড। আর ম্যাচটি জয়ের ফলে প্রথম ম্যাচই জিতে ক্যারিয়ার শুরু হলো ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির।
গ্রুপের শীর্ষে থেকে নেশন্স লিগের আগামী আসরের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের অভিযানে দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। ওইদিনই গ্রুপের অপর সদস্য গ্রিসের মুখোমুখি হবে আয়ারল্যান্ড।
৬৩৫ দিন আগে
ভিনিসিউসের মন্তব্যে ‘চটেছে’ রিয়াল মাদ্রিদ
বর্ণবাদ ইস্যুতে স্পেনকে কাঠগড়ায় তোলায় এবার ভিনিসিউস জুনিয়রের ওপর ক্ষেপেছে তারই ক্লাব রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, ব্রাজিলীয় এই ফরোয়ার্ড ক্লাবের আদর্শও ধারণ করছে না বলে অভিযোগ কর্তৃপক্ষের।
পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে স্পেন। তবে দেশটিতে বর্ণবাদের অভিযোগ তুলে গত সপ্তাহে স্প্যানিশ পত্রিকাগুলোর প্রধান শিরোনাম হন ভিনিসিউস।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি না হলে ভেন্যু পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা উচিত।
ভিনিসিউস বলেন, ‘২০৩০ সাল পর্যন্ত আমাদের পরিবর্তনের অনেক জায়গা আছে। আশা করি, স্পেন (মানসিকভাবে) আরও বিকশিত হবে এবং বুঝতে পারবে যে গায়ের রঙের কারণে কাউকে অপমান করা কতটা গুরুতর অপরাধ।’
‘যদি ২০৩০ সালের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, আমি মনে করি আমাদের (বিশ্বকাপ) ভেন্যু সরিয়ে নিতে হবে। কারণ বর্ণবাদের শিকার হতে পারে- এমন আশঙ্কা যদি কোনো খেলোয়াড়ের থাকে, তাহলে তিনি সেই দেশে খেলতে মোটেও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ বোধ করেন না। সেখানে তার জন্য খেলা কঠিন।’
ভিনিসিউসের এমন মন্তব্য স্পেনে বিতর্কের জন্ম দিয়েছে। এ নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে কেউ কেউ যুক্তি দিয়েছেন যে, ভিনিসিউস ভুলভাবে স্পেনকে বর্ণবাদী দেশ হিসেবে চিহ্নিত করেছেন।
এল চিরিঙ্গিতোয় এক শোতে মাদ্রিদ ও স্পেনের সাবেক গোলরক্ষক পাকো বুইয়ো বলেছেন, ‘দেশের সবাইকে এক কাতারে ফেলেছেন ভিনিসিউস, বিষয়টি ভাবলেই কষ্ট পাচ্ছি।’
আরও পড়ুন: বর্ণবাদ পরিস্থিতির উন্নতি না হলে স্পেনে বিশ্বকাপ চান না ভিনিসিউস
ভিনিসিউসের মন্তব্যে ক্ষেপেছেন মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্তিনেস-আলমেইদাও। বুধবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রিয়াল তারকার বক্তব্যের সমালোচনা করেন তিনি।
মেয়র বলেন, ‘আশা করি, অবিলম্বে তিনি এই বক্তব্য সংশোধন করবেন। হ্যাঁ, আমাদের সমাজে এখনও কিছু বর্ণবাদী ঘটনা ঘটছে এবং তাদের নির্মূল করার জন্য কঠোর পরিশ্রমও করছি আমরা। তবে স্পেন ও মাদ্রিদকে নিয়ে ঢালাওভাবে এটি বলা অন্যায় যে, আমরা একটি বর্ণবাদী সমাজ, যেমনটি তিনি বলেছেন।’
‘তার এই মন্তব্য মাদ্রিদ ও স্পেনে ২০৩০ বিশ্বকাপের আয়োজনকে ঝুঁকিতে ফেলতে পারে। তিনি একজন অসাধারণ ফুটবলার, তার মানে এই নয় যে, মুখে যা আসে তিনি তা-ই বলবেন। অথচ সেটিই তিনি করে চলেছেন।’
মাদ্রিদ ও স্পেনের মানুষের কাছে ভিনিসিউসের ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেন মার্তিনেস-আলমেইদা।
ভিনির ক্লাব সতীর্থ ও অধিনায়ক দানি কারভাহালও এ বিষয়ে তার সমালোচনা করেন। এবার বিষয়টি নিয়ে খোদ রিয়াল মাদ্রিদ থেকে অসন্তোষের কথা জানা গেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিউসের ওই মন্তব্যে মোটেও খুশি নয় রিয়াল মাদ্রিদ, বরং এই ফরোয়ার্ডের ওপর তারা ধৈর্য্য হারাতে শুরু করেছে।
ক্লাবটির বরাত দিয়ে সংবাদমাধ্যমটির দাবি, রিয়াল মাদ্রিদ বিশ্বের কাছে যে ভাবমূর্তি তুলে ধরতে চায়, ভিনিসিউস তা ধারণ করে না বলেই বিশ্বাস ক্লাব কর্তৃপক্ষের। তাছাড়া মাঠেও তার আচরণ উত্তেজনাকর।
স্পোর্ত বলছে, যদি এসব চলতে থাকে, তবে আসন্ন ব্যালন দ’রের জয়ের অন্যতম ফেভারিট এই তারকাকে ছেড়ে দিতেও পিছপা হবে না রিয়াল মাদ্রিদ। আর তা সত্যি হলে বার্সেলোনার টার্গেট নিকো উইলিয়ামসের দিকে নজর দিতে পারে তারা।
এদিকে ভিনিকে পেতে মুখিয়ে রয়েছে সৌদি প্রো লিগ। তাকে দলে পেতে গত দলবদলের মৌসুমেও সৌদি আরব থেকে বিরাট অঙ্কের আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যায়।
আরও পড়ুন: ভিনিসিউসের জন্য সৌদির ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল রিয়াল
অবশ্য সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিউস এও স্পষ্ট করেছিলেন যে, তার এই বক্তব্য কিছু সংখ্যক সমর্থকের উদ্দেশে।
ভিনি বলেন, ‘স্পেনের বেশিরভাগ মানুষই বর্ণবাদী নয়। তবে এমন একটি গোষ্ঠী রয়েছে, যারা এমন একটি দেশের ভাবমূর্তিকে প্রভাবিত করছে। আমি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে ভালোবাসি। স্পেনকেও ভালোবাসি আমি। পরিবার নিয়ে বসবাসের জন্য এর চেয়ে ভালো পরিবেশ হয় না।’
‘তবে (আপত্তিকর) বিষয়গুলোর ব্যাপারে দেশটি আরও বিকশিত হতে পারে। ইতোমধ্যে তারা অনেক বিকশিত হয়েছে, কিন্তু উন্নতি করার আরও জায়গা রয়েছে, যেমন: ২০৩০ সালের মধ্যে দেশ থেকে বর্ণবাদী ঘটনা ও বর্ণবাদ কমাতে পারে এবং সেটিই হওয়া উচিত।’
৬৩৫ দিন আগে
দ্রুততম গোলের রেকর্ড গড়েও ইতালিতে বিধ্বস্ত ফ্রান্স
গোল করেই ম্যাচ শুরু করল ফ্রান্স। অথচ তারপরই উজ্জীবত ও নিখুঁত ফুটবল উপহার দিয়ে ঘরের মাঠে স্বাগতিকদের নাকানি-চুবানি খাইয়ে ম্যাচটি জিতে গেল ইতালি।
শুক্রবার রাতে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রান্সে ‘এ’ গ্রুপের লিগ-২ এর প্রথম ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেশন্স লিগে শুভযাত্রা করেছে ইতালি।
এদিন ম্যাচের ১২ সেকেন্ডে কোনোকিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে সফরকারীরা। প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফ্রান্সকে এগিয়ে নেন ব্রাদলে বার্কোলা।
চাপের কারণে সতীর্থের কাছ থেকে আসা ব্যাকপাসটি ধরতে খানিকটা গড়িমসি করে ফেলেন ইতালির ডিফেন্ডার জিওভান্নি দি লরেন্সো। তা দেখে ছুটে গিয়ে তার সামনে থেকে বল ছোঁ মেরে নিয়েই বক্সে ঢুকে পড়েন বার্কোলা। এরপর ডান পাশের শটে জিয়ানলুইজি দোন্নারুমাকে পরাস্ত করে জালে জাড়িয়ে দেন বল।
আরও পড়ুন: পর্তুগালের জয়ের রাতে ইতিহাস গড়লেন রোনালদো
ফ্রান্স ও নেশন্স লিগের ইতিহাসে এটিই দ্রুততম গোলের রেকর্ড। নেশন্স লিগে এতদিন এই রেকর্ডটি ছিল সুইজারল্যান্ডের। ২০২২ সালে পর্তুগালের বিপক্ষে ম্যাচের ৫৭ সেকেন্ডে গোল করেন হারিস সেফেরোভিচ।
তবে এতদিন ফ্রান্সের ইতিহাসের দ্রুততম গোল ছিল ৩৭ সেকেন্ডের। ১৯৭৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালির বিপক্ষেই ওই রেকর্ড গড়েন বের্নাদ লাকোম্বে। ৪৬ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন বার্কোলা।
ম্যাচ শুরু হতেই পিছিয়ে পড়ে তীব্র আক্রমণ শুরু করে ইতালি। এরই ফলস্বরূপ ষষ্ঠ মিনিটেই দারুণ একটি সুযোগও তৈরি করে তারা। তবে দাভিদ ফ্রাত্তেসির হেডার ক্রসবারে লেগে ফিরে আসার পর মাতেও রেতেগির হেডার পোস্টের উপর দিয়ে চলে গেলে হতাশ হয় সফরকারী দর্শক।
এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। তবে ৩০তম মিনিটে প্রত্যাশিত সমতাসূচক গোল পেয়ে যায় ইতালি।
সতীর্থের ক্রস ধরে সান্দ্রো তোনালিকে পাস দিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন ফেদেরিকো দিমারকো। প্রথম ছোঁয়াতেই তোনালি এগিয়ে যাওয়া দিমারকোকে ফিরতি পাস দিয়ে দিলে দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে দেন এই ইন্টার মিলান উইংব্যাক।
৩৯তম মিনিটে বার্কোলার নিচু শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যাওয়ার পর স্কোরলাইন সমতায় রেখেই বিরতিতে যায় দুদল।
৬৩৫ দিন আগে
গোলশূন্য ড্র করে ক্যারিয়ারের ইতি টানলেন সুয়ারেস
আগেই ঘোষণা দিয়েছিলেন, প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলা ম্যাচটিই হতে চলেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে এই ম্যাচে গোল করে শেষটা রাঙাতে পারেননি লুইস সুয়ারেস।
মন্তেভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।
কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে শাস্তি পাওয়ার কারণে এদিন শুরুর একাদশের দারউইন নুনিয়েসসহ পাঁচ খেলোয়াড় মাঠে নামতে পারেননি।
আরও পড়ুন: রদ্রিগোর গোলে অবশেষে জয়ে ফিরল ব্রাজিল
এদিন ম্যাচজুড়ে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে উরুগুয়ে। এর মধ্যে প্রথমার্ধে লুইস সুয়ারেসের একটি শট থেকে নিশ্চিত গোল হাতছাড়া হয় তাদের। ফাকুন্দো পেলিস্ত্রির পাঠানো ক্রসে ডান পায়ের জোরালো শট দেন সুয়ারেস। এরপর বল তড়িৎ গতিতে গোলরক্ষককে পরাস্ত করে এগিয়ে গেলেও পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্যারাগুয়েও কয়েকবার চেষ্টা করেছিল, তবে সেগুলোর কোনোটিই সাফল্যে পরিণত করতে পারেনি তারা। ফলে স্কোরবোর্ডে কোনো পরিবর্তন না এনেই মাঠ ছাড়ে দুই দল।
৬৩৫ দিন আগে
রদ্রিগোর গোলে অবশেষে জয়ে ফিরল ব্রাজিল
বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাট জয়বঞ্চিত থাকার পর অবশেষে জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দেশটির রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগোর একমাত্র গোলে জিতেছে তারা।
বাংলাদেশ সময় শনিবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে একুয়েডরের চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল। গোলের উদ্দেশে নেওয়া ১৩টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা, অপরদিকে একুয়েডরের আটটি শটের দুটি লক্ষ্যে থাকলেও গোল করতে ব্যর্থ হয় তারা।
বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ৭ ম্যাচ খেলে তৃতীয় এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে গেছে একুয়ডের।
আরও পড়ুন: চিলির বিপক্ষে দারুণ জয় পেল মেসি-দি মারিয়াহীন আর্জেন্টিনা
এছাড়া সপ্তম রাউন্ডের খেলা শেষে ১৩ পয়েন্ট নিয়ে ব্রাজিলের উপরে রয়েছে কলম্বিয়া। দিনের অপর ম্যাচে পেরুর বিপক্ষে ড্র করেছে তারা।
১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে। লুইস সুয়ারেসের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে এদিন প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটি। আর ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বেশ কিছুদিন ধরেই ব্রাজিল ফুটবলের খারাপ সময় চলছে। এই ম্যাচের আগে বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে দলটি। এছাড়া কোপা আমেরিকার সবশেষ আসরে চার ম্যাচে তাদের জয় ছিল কেবল একটিতে। হতাশাজনক পারফরম্যান্সের কারণে এবারের আসরের কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিতে হয় ৯ বারের কোপা চ্যাম্পিয়নদের।
আরও পড়ুন: চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা সুয়ারেসের
৬৩৫ দিন আগে
জিম আফ্রো টি-টেনে জায়গা নিশ্চিত করলেন রিশাদ
বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন হারারে বোল্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে জিম আফ্রো টি-টেনে জায়গা নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে, বিগ ব্যাশ লিগের (বিবিএল) জন্য হোবার্ট হারিকেন্সও রিশাদকে দলে নিয়েছিল। সাকিব আল হাসানের পরে তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসাবে বিবিএল দলে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: ইংলিশ ক্রিকেটের তিন সংস্করণেরই দায়িত্বে ম্যাককালাম
গত বছর জিম আফ্রো টি-টেনেও অংশ নিয়েছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার ছিলেন রিশাদ।
অভিষেক বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য ক্রিকেট কিংবদন্তিদের প্রশংসা কুড়িয়েছেন এই লেগস্পিনার।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন বাটলার
৬৩৫ দিন আগে
চিলির বিপক্ষে দারুণ জয় পেল মেসি-দি মারিয়াহীন আর্জেন্টিনা
লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াবিহীন দল নিয়ে নতুন এক অধ্যায়ের শুরু করেছে কোপা আমেরিকা ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নতুন এ অধ্যায়ের শুরুটা দারুণভাবে করেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লাতিন আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচজুড়ে আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধ পর্যন্ত স্বাগতিকদের আটকে রাখতে সক্ষম হয় চিলি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।
৪৮তম মিনিটে ডান দিক থেকে হুলিয়ান আলভারেসের আড়াআড়ি ক্রসে মার্তিনেস ডামি দিলে বল চলে যায় সরাসরি আলেক্সিস মাক আলিস্তেরের পায়ে। এরপর নিখুঁত শটে জাল খুঁজে নেন ২৫ বছর বয়সী এই লিভারপুল মিডফিল্ডার।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার শঙ্কায় ভক্তদের সতর্ক করল আর্জেন্টিনা
এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টার ফল আসে ম্যাচের একেবারে শেষের দিকে। ৮৪তম মিনিটে এনসো ফের্নান্দেসের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেস। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের জোরালো শট ঠেকানোর চেষ্টা করেন চিলির গোলরক্ষক গাব্রিয়েল আরিয়াস। তবে তার গ্লাভস ফাঁকি দিয়ে বল ঠিকানা খুঁজে নেয়।
এরপর চিলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ম্যাচের দশ মিনিট বাকি থাকতে বদলি নামা পাওলো দিবালা। অতিরিক্ত যোগ করা সময়ে আলেহান্দ্রো গারনাচোর পাস ধরে দুরূহ কোণ থেকে শট নেন মেসির অনুপস্থিতিতে তার বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা দিবালা, তবে অভিজ্ঞ এই স্ট্রাইকারের নৈপুণ্যে শটটি ঠিকই লক্ষ্যে পৌঁছায়।
ফলে ৩-০ ব্যবধানে জিতে লাতিন আমেরিকা বাছাইপর্বের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা। এ নিয়ে ৭ ম্যাচে ছয়টি জয়ে তাদের পয়েন্ট হলো ১৮। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে।
আগামীকাল ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। এদিন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেস।
এছাড়া বাছাইপর্বের অপর দুই ম্যাচ খেলতে সকাল ৭টায় ব্রাজিল একুয়েডরের বিপক্ষে এবং পেরুর বিপক্ষে নামবে কলম্বিয়া।
আরও পড়ুন: চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা সুয়ারেসের
৬৩৬ দিন আগে
হাজার গোলের মাইলফলক ছুঁতে চান রোনালদো
নুনো মেন্দেসের বাড়ানো বক্সের বেশ বাইরে থেকে আসা ক্রস পায়ের পাতার টোকায় জালে জড়িয়ে দিলেন। এরপরই কর্নার ফ্লাগের দিকে ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসে দুই হাতে মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে যে কীর্তি তিনি গড়েছেন, তাতে ওই অশ্রু মোটেও দুঃখের নয়, তা আবেগের আনন্দাশ্রু।
লিসবনে বৃহস্পতিবার রাতে ‘এ’ লিগের গ্রুপ-১ এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে উয়েফা নেশন্স লিগে শুভসূচনা করেছে পর্তুগাল। দলের দ্বিতীয় গোলটি করে ক্যারিয়ারের ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। বিশেষ ওই মুহুর্ত গড়েই তাই নিজেকে ধরে রাখতে পারেননি পর্তুগিজ মহাতারকা।
পেশাদার ফুটবলে রোনালদোর প্রথম গোলটি করার সময় যে শিশুটির জন্ম হয়েছিল, আজ ২১ বছরের যুবক সে। অথচ রোনালদোর ক্যারিয়ারের যৌবন ফুরানোর কোনো লক্ষণ নেই।
এই তো সেদিনকার কথা, ২০০২ সালের ৭ অক্টোবর ১৭ বছর আট মাস ৩ দিন বয়সে স্পোর্তিং লিসবনের জার্সিতে মোরেইরেন্সের বিপক্ষে জোড়া গোল করে এক কিশোর। সেদিন ফুটবল বিশ্বের নজর কাড়তে পারেনি সেই ছেলেটি। অথচ কে জানত, ওই গোল দুটিই দীর্ঘ এক সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের শুরু; ওই গোলের মধ্য দিয়েই ফুটবল বিশ্বের সব মনোযোগ আস্তে আস্তে নিজের দিকে ঘুরিয়ে নেবে সে?
অথচ সেই অসম্ভবকেই সম্ভব করে আরও এগিয়ে চলেছেন পর্তুগিজ সুপারস্টার। ৩৯ বছর বয়সে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়ে তিনি বললেন পর্দার পেছনের কথা-
‘৯০০ গোল, সবাই বিষয়টি দেখবে এভাবে যে, রোনালদো আরও একটি মাইলফলক ছুঁয়েছে। কিন্তু আমি জানি এখানে পৌঁছাতে দিনের পর দিন কতটা পরিশ্রম করতে হয়েছে আমার। এটি আমার ক্যারিয়ারের অনন্য এক প্রাপ্তি।’
‘শ্রমেই সাফল্য’ নীতিতে বিশ্বাসী এই মহাতারকার কণ্ঠে আবারও ঝরল সেই বাণী-
‘আমি রেকর্ড ভাঙার চেষ্টা করি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’
৬৩৭ দিন আগে
পর্তুগালের জয়ের রাতে ইতিহাস গড়লেন রোনালদো
ইউরোর ব্যর্থতা ঝেড়ে ফেলে নেশন্স লিগ দিয়ে নতুন শুরুর ইঙ্গিত দিয়েছিলন পর্তুগিজ কোচ রবের্ত মার্তিনেস। তার আহ্বানে সাড়া দিয়েই নেশন্স লিগ অভিযান শুরু করল পর্তুগাল।
রাজধানী লিসবনে বৃহস্পতিবার রাতে ‘এ’ লিগের গ্রুপ-১ এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে উয়েফা নেশন্স লিগে শুভসূচনা করেছে পর্তুগাল।
ম্যাচের সপ্তম মিনিটে দিয়োগো দালোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৪তম মিনিটে পর্তুগালের ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিরতির আগে দালোর আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ক্রোয়েশিয়া। তবে দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ওই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে রবের্ত মার্তিনেসের শিষ্যরা।
ম্যাচের ৩৪তম মিনিটের ওই গোলে অনন্য এক ইতিহাস গড়েছেন রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।
গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচটি ম্যাচ খেলে একটিও গোল না পাওয়ায় সমালোচকদের তোপের মুখে পড়তে হয় রোনালদোকে। অনেকে তার অবসর নেওয়ার সময় হয়েছে বলেও মন্তব্য করেন। তবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক ছুঁয়ে সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন তিনি।
আরও পড়ুন: অবসরের বিষয়ে আগে কাউকে কিছু জানাবেন না রোনালদো
গোলটি করে নিজেকে আর ধরে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে সতীর্থরা এসে তাকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি অভিনন্দন জানান।
৬৩৭ দিন আগে
সার্বিয়ার ‘রক্ষণ দুর্গ’ ভাঙতে ব্যর্থ চ্যাম্পিয়নরা
শুরুর জড়তা কাটিয়ে একের পর এক আক্রমণ চালিয়ে গেল স্পেন, কিন্তু সতর্ক ফুটবলে রক্ষণে দেওয়াল তুলে তার প্রায় সবকটিই রুখে দিল সার্বিয়া। ফলে বড় ধাক্কা খেয়ে নেশন্স লিগ অভিযান শুরু করলে সম্প্রতি ইউরো জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
বৃহস্পতিবার রাতে নেশন্স লিগের শুরু ম্যাচে গত মৌসুমে প্রোমোশন পেয়ে মূল পর্বে আসা সার্বিয়ার বিপক্ষে জয়বঞ্চিত হয়েছে টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়নরা। দেশটির রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত লিগ ‘এ’ এর গ্রুপ-৪ এর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচে ৭৪ শতাংশ সময় বলের দখল রেখে মোট ২১ শট নেয় স্পেন, যার পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে সার্বিয়ার আটটি প্রচেষ্টার মাত্র একটি ছিল লক্ষ্যে।
এদিন কিছুটা ধীরগতিতে ম্যাচ শুরু করে স্পেন। বল দখলে রেখে খুবই স্লো ফুটবল খেলতে শুরু করে তারা। অন্যদিকে, সজাগ থেকে স্পেনের আক্রমণে ওঠার মুহূর্তের অপেক্ষা করতে থাকে সার্বিয়া। প্রথম দিকে আক্রমণে উঠলেও সময়ের পরিক্রমায় স্পেন যখন খোলস ছেড়ে বের হতে শুরু করে, তখন দুই ধাপে ৯ জন খেলোয়াড়ের রক্ষণ দুর্গ তৈরি করে তারা। ম্যাচজুড়ে যে কোনোভাবে গোল ঠেকাতে মরিয়া ছিল সার্বিয়া।
আরও পড়ুন: রেকর্ড চতুর্থবার শিরোপা জিতে নবযুগের সূচনা করল স্পেন
অষ্টম মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পায় সার্বিয়া। নিজেদের বক্স থেকে বল ধরে পাল্টা আক্রমণে উঠে গোলের ভালো সম্ভাবনা তৈরি করে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ রক্ষণে তা প্রতিহত হয়ে যায়।
এরপর দশম ও দ্বাদশ মিনিটেও দুটি আক্রমণে ওঠে সার্বিয়া, তবে ভালো ফিনিশিংয়ের অভাবে সেগুলো আলোর মুখ দেখেনি। এরপর নিজেদের স্বভাবজাত ফুটবলে ফেরে স্পেন।
অষ্টাদশ মিনিটে মুহূর্মুহু আক্রমণে সার্বিয়ার রক্ষণ কাঁপিয়ে দেয় চ্যাম্পিয়নরা। তবে শেষ পর্যন্ত তাদের রুখে দেয় সার্বিয়ার জমাট রক্ষণ।
দুই মিনিট পর আরও দুটি আক্রমণ শানায় স্পেন। তবে দানি কারভাহালের শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। এরপর ২৪তম মিনিটে মার্তিন জুবিমেন্দির দুর্বল শট লুফে নেন সার্বিয়ান গোলরক্ষক।
২৮তম মিনিটে পাল্টাপাল্টি দুটি পাল্টা আক্রমণ দেখে সমর্থকরা। দুই দলেরই রক্ষণভাগ এসময় নড়বড়ে হয়ে গেলেও গোল খাওয়া থেকে শেষমেষ বেঁচে যায় দুপক্ষই।
৩২তম মিনিটে গোল পেয়েই যাচ্ছিল স্পেন, তবে ফরোয়ার্ড আয়োসে পেরেসের বুলেট শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন সার্বিয়ান গোলরক্ষক। দুই মিনিট পর প্রায় ফাঁকা গোলপোস্ট পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন সার্বিয়ার এসি মিলান স্ট্রাইকার লুকা ইয়োভিচ।
পাল্টা আক্রমণে উঠে দ্রুতগতিতে বল নিয়ে স্পেনের বক্সের সামনে গিয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে চকিতে বক্সে ঢোকা ইয়োভিচকে পাস বাড়ান আন্দ্রিয়া জিভকোভিচ। এসময় স্পেনের গোলরক্ষক দাভিদ রায়াও খানিকটা সামনে চলে এসেছিলেন। কিন্তু ডান পাশ থেকে তাড়াহুড়া করতে গিয়ে দূরের পোস্টের বাইরে দিয়ে বল মারেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ইয়োভিচ। ফলে নিশ্চিত গোলের সুযোগবঞ্চিত হয় সার্বিয়া।
পরের মিনিটে দুই পাশে দুটি জোরালো শটে গোল পাওয়ার চেষ্টা করে দুই দল। তবে কোনো শটই গোল নিয়ে আসতে পারেনি।
বাকি সময়টুকু সার্বিয়াকে চেপে ধরে গোল তুলে নেওয়ার চেষ্টা করে স্পেন, কিন্তু সার্বিয়ার রক্ষণভাগ সতর্কতার সঙ্গে তাদের রুখে দিলে জাল অক্ষত রেখেই বিরতিতে যায় দুই দল।
৬৩৭ দিন আগে