বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উত্তরাঞ্চলের উন্নয়নে ব্যাপক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। এই কাজ শেষ হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। বাংলাদেশ আওয়ামীলীগ একের পর এক নির্বাচনী ইস্তেহার পূরণ করে যাচ্ছে।
শনিবার রংপুরে আরডিআরএস বাংলাদেশের বেগম রোকেয়া মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), সুজন-সুশাসনের জন্য নাগরিক এবং জাতিসংঘ ডেমোক্রেসি ফান্ড এর যৌথ উদ্যোগে আয়োজিত ১জাতীয় উন্নয়নে অঙ্গীকার: শিক্ষা, শোভন কর্মসংস্থান, জেন্ডার সমতা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, রংপুর অঞ্চল একসময় অবহেলিত ছিল। ঢাকা-রংপুর রাস্তা ফোর লেন হচ্ছে, রেলযোগাযোগ উন্নত হয়েছে, সেবার মান বেড়েছে। সৈয়দপুর বিমান বন্দরকে আঞ্চলিক বিমান বন্দর ঘোষণা দেয়া হয়েছে, বিমান বন্দরের উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। বিমান বন্দরে সেবার মান বেড়েছে। একসময় একটি ফ্লাইটও এখানে আসতো না, আজ প্রায় ১৬টি ফ্লাইট চলাচল করছে, আগামীতে আরও বাড়বে। আমরা ঠাকুরগাঁও বিমান বন্দর চালু করার চেষ্টা করছি।
আরও পড়ুন: ই-কমার্স বন্ধ নয়, শৃঙ্খলা আনতে রেগুলেটরি অথরিটি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের ভাগ্যের পরিবর্তন করতে হলে শিক্ষার উন্নয়ন করতে হবে। মান সম্পন্ন শিক্ষা গ্রহণ করতে হবে। প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হচ্ছে, লালমনিরহাটে বঙ্গবন্ধু এভিয়েশন এ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হচ্ছে। উত্তর বঙ্গ এখন আর পিছিয়ে নেই।
তিনি বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁও এবং লালমনিরহাট জেলায় চা উৎপাদন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় কাজী গ্রুপ পঞ্চগড়ের চা উৎপাদন শুরু করে। আজ দেশের মোট চা উৎপাদনের ১৪ ভাগ দেশের উত্তরাঞ্চলে উৎপাদিত হচ্ছে। প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। চিলমারী বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। চলমান কাজগুলো শেষ হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সুজন-সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, আরডিআরএস বাংলাদের হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সুজন-সুশাসনের জন্য নাগরিক রংপুর জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, সচেতন নাগরিক কমিটি, রংপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সিপিডি'র যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য।
আরও পড়ুন: বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
ই-কমার্সে প্রতারিত গ্রাহকদের অর্থ ফেরত দেয়া সম্ভব: বাণিজ্যমন্ত্রী