শ্রমিকদের জন্য যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (৯ নভেম্বর) সংসদে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘শ্রমিক ও শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।’
প্রাথমিকভাবে ঢাকার সাভার ও আশুলিয়া, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানান তিনি।
হাসপাতালগুলো শুধু শ্রমিকদের জন্য নির্ধারিত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংসদে এক সংসদ সদস্যর প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য নির্দিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে হাসপাতালগুলো তৈরি ও নামকরণ করা হবে।
এর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিএনপির সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের রয়েছে কি না, তা প্রধানমন্ত্রীকে সংসদে জানানোর আহ্বান জানান।
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশ্নোত্তর পর্ব বুধবার নির্ধারিত থাকলেও সেদিন তিনি সংসদে উপস্থিত থাকবেন না। এ কারণে ওই পর্বের আগেই সংসদ সদস্য প্রশ্নটি উত্থাপন করেছেন।
জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, এক যুগের বেশি সময়ের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের জ্বালানি খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল। দেশের মানুষের কল্যাণে নিজস্ব খনিজ সম্পদ ব্যবহার না করে আমদানিনির্ভরতা তৈরি করা হয়েছিল।
তারেক রহমান বলেন, আমদানিনির্ভর নীতির কারণে দেশের শিল্পের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে। এসব নীতির ফলে দেশীয় শিল্প স্বাভাবিকভাবে বিকশিত হতে পারেনি।
তিনি আরও বলেন, একইভাবে আগের স্বৈরাচারী শাসনামলে দেশের স্বাস্থ্যব্যবস্থাও ধীরে ধীরে দুর্বল করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ এলাকায় আগের গণতান্ত্রিক সরকারগুলোর সময় প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোও ধ্বংস করা হয়েছিল।
সম্প্রতি সংসদে বিরোধীদলীয় নেতাও দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। এভাবে বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট দেশে যেতে বাধ্য করা হয়েছিল।
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।