ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে চার কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)।
পুলিশ সুপার জানান, এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন এটিএম বুথ থেকে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়। তদন্তের পর টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই ও অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
তারিকুল ইসলাম বলেন, ২০১৫ সালে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা থেকে রিপনকে এক লাখ টাকা ঋণসীমার একটি ক্রেডিট কার্ড দেওয়া হয়। সম্প্রতি ওই কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে তার ব্যাংক হিসাবে অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন।
তিনি আরও জানান, রিপন প্রথম দিকে প্রতি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করলেও পরে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করেন, যা কার্ডের অনুমোদিত সীমার পরিপন্থী।
এভাবে গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে ইসলামী ব্যাংকের মোট চার কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ নওগাঁ সদর মডেল থানায় মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ, প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কিনেছেন। বাকি টাকা দিয়ে বিলাসী জীবনযাপন করতেন তারা।
এ ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।