চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলআরোহী দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ইপিজেড এলাকার ৫ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তামান্না (২৩) ও মো. খলিল (৩৮)। তামান্নার বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায়। তিনি কলসির দীঘিরপাড় ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। খলিলও ইপিজেড থানার ফ্রি পোর্ট নিউমুরিং এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক জানান, সকালে দুই পোশাক শ্রমিক মোটরসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। তারা ইপিজেড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।