ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযানের সময় বিজিবির গুলিতে নোমান (৩৮) নামের এক সন্দেহভাজন গরু চোরাকারবারি নিহত ও নায়েক রফিক নামের এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নোমান হালুয়াঘাট উপজেলার ১ নম্বর ভুবনকুড়া ইউনিয়নের ঝলজুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূরুল আজিম বায়জিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি চক্রের গরু চোরাচালানের খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় তারা চারটি গরু আটক করে। আটক করা গরু নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবির টহলদলের ওপর হামলা চালিয়ে দুটি গরু ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বিজিবির সদস্য নায়েক রফিক আহত হন।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। এ সময় নোমান আহত হন। পরে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।
এদিকে নোমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে হালুয়াঘাট পৌর শহরে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় লোকজন সড়কে নেমে বিক্ষোভ করেন এবং কাঠের গুঁড়ি ও বিভিন্ন আসবাবপত্র দিয়ে সড়কে ব্যারিকেড তৈরি করেন। এতে হালুয়াঘাট-ময়মনসিংহ প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, বর্তমানে হালুয়াঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।