সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় অবৈধ মহিষবোঝাই একটি বেপরোয়া গতির ডিআই পিকআপের ধাক্কায় জসিম উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন উপজেলার ৯ নম্বর ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আহতরা হলেন—গিয়াস উদ্দিন সাদি (২২) ও ইয়ামিন (১৮)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) রাতে মোটরসাইকেলে করে তিনজন গোয়াইনঘাট সদর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভারতীয় অবৈধ মহিষবোঝাই একটি দ্রুতগামী ডিআই পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই জসিম উদ্দিন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘাতক পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি।