সিলেটে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।
শনিবার (৩০ মে) সকালে এ বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
মৃত ২ শিশুর মধ্যে হুমায়রার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায় (বয়স ৬ মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এবং অপর শিশু আব্দুল্লাহ আল মাহিনের বাড়ি জকিগঞ্জ উপজেলায় (বয়স ৮ মাস। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪১ জন রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৯ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছে। এছাড়া অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালেও আরও রোগী ভর্তি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৬৫ জনের শরীরে নমুনা পরীক্ষায় হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ৮৬ জন, সিলেট জেলায় ৪২ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন।
এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং বাকিরা হামের উপসর্গে মারা গেছে।