সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।
বুধবার (২০ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।
শিশুটির নাম হাফিজুর রহমান। তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুর এলাকায়।
বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩৮ শিশু।