স্কুলছাত্র
যশোরে স্কুলছাত্রকে অপহরণ করে ‘দোকানে আটকে নির্যাতন’
যশোরের শার্শায় স্কুল থেকে ফেরার পথে সজিব হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রকে জোর করে তুলে নিয়ে দোকানঘরে আটকে রেখে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার পর ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বাসাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শুধু নির্যাতনই নয়, ওই স্কুলছাত্রের প্যান্ট খুলে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
সজিব হোসেন বসন্তপুর গ্রামের ফরিদা খাতুনের ছেলে। সে কেরালখালী পাড়িয়া ঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় রবিবার (১২ এপ্রিল) রাতে ভুক্তভোগীর মা ফরিদা খাতুন সাকিব, রিপন, রাজু, সিয়ামসহ ৫-৭ জনের বিরুদ্ধে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা সবাই স্থানীয় বাসাবাড়ি এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল সজিব হোসেন স্কুল থেকে বাড়ি ফিরছিল। দুপুর ১টার দিকে বাসাবাড়ি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল যুবক তাকে জোর করে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায় অভিযুক্ত সাকিবের দোকানের ভেতরে। সেখানে দোকানের শাটার বন্ধ করে কাঠের বাটাম ও কুড়ালের আঘাতে তাকে বেধড়ক মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে সজিবের পরিহিত প্যান্ট খুলে তার গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
পরে সজিবের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও স্বজনরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। মারধর ও নির্যাতনের ফলে সজিবের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ঘটনার সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বলেও অভিযোগ রয়েছে।
ফরিদা খাতুন জানান, থানায় অভিযোগের পর বিভিন্ন ফোন নম্বর থেকে তাকে ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা।
তিনি আরও জানান, বর্তমানে আমি ও আমার ছেলে সজিব চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৩ দিন আগে
নারায়ণগঞ্জে স্কুলছাত্র আরাফাত হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের বন্দরে স্কুলছাত্র আরাফাত রহমান হত্যা মামলায় রিপন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি রাব্বীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, নিহত স্কুলছাত্র আরাফাত বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার গ্রামের রফিকুল ইসলাম মনার ছেলে। ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে আরাফাতকে বিজয় দিবসের একটি কনসার্টে নিয়ে যায় রিপন মিয়া। রিপন একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
বড় ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে ওই রাতেই আরাফাতকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্কুল ভবনে নিয়ে যান রিপন। সেখানে আরাফাতকে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে দেন তিনি। পরে গলাটিপে হত্যা করে তার মরদেহ মসজিদের পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার পর রিপন নিজেই পরিবারের সঙ্গে আরাফাতকে খোঁজাখুঁজি করেন। তিন দিন পর ১৮ ডিসেম্বর আরাফাতের মরদেহ পুকুরে ভেসে ওঠে। এ ঘটনায় ১৯ ডিসেম্বর বন্দর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করা হয়।
পরবর্তীতে পুলিশ রিপনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তিনি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক রয়েছেন।
পিপি আরও জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রিপনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। অপর আসামি রাব্বীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
১৬ দিন আগে
চাঁদপুর পৌর লেক থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, আটক ৭
চাঁদপুর পৌর শহরের লেক থেকে আল আমিন (১৭) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ সহপাঠীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আল আমিনের বাড়ি সদর উপজেলার রাজরাজেশ্বর। সে এ বছর শহরের গণি মডেল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে সে। শহরের মমিনপাড়া রোডে বাস করতেন তারা।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে পৌর লেকে নির্মিত ‘স্বাধীনতার স্মারক অঙ্গীকারের’ পাশে কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিল। পরে রাত ৯টার দিকে লেকের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্বার করে দ্রত জেলা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল আমিনের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন তার স্বজনরা।
আরও পড়ুন: চাঁদপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
স্বজন ও বন্ধুদের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।
খবর পেয়ে হাসপাতালে যান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া ও সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার।
স্বজনদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনের সহপাঠী দিদার গাজী, মামুন, জাহেদ, দিদারুল ইসলাম, মইন ইসলাম ও শামীমসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন ওসি বাহার মিয়া।
২৭৭ দিন আগে
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. তামিম হোসেন আলিফ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) বিকালে নয়ানগর বিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন মো. তামিম হোসেন আলিফ। সে মোহনপুর হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে ফের সচিবালয়ে বিক্ষোভ
নিহতের বাবা কবির মিজি জানান, নয়ানগর বিলে মাছ ধরতে গিয়েছিল আলিফ। ওই সময় বজ্রপাতে পড়ে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডিউটি ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
৩১৯ দিন আগে
বগুড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
বগুড়ায় বালুবাহী ট্রাকের চাপায় মো. প্রিন্স হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের রোমানের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘প্রিন্স প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তার সাইকেলকে বালুবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করাসহ এর চালককে আটক করা হয়েছে।’
৩৭২ দিন আগে
সিরাজগঞ্জে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জে সেচ পাম্পে গোসল করতে চাওয়ায় মো. আশিক হোসেন (১৫) নামে এক কিশোরকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে সিরাজগঞ্জ পৌরশহরের হোসেনপুর মহল্লায় পুরাতন ফেরিঘাট বালুর পয়েন্ট এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত কিশোর মো. আশিক হোসেন হোসেনপুর ওয়াপদা বাঁধ মহল্লার দুলাল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
অভিযুক্তরা হলেন— হোসেনপুর বউবাজার এলাকার আল-আমিন ও তার ছেলে রিফাত।
স্থানীয়রা জানায়, আল-আমিনের সেচ পাম্পে গোসল করার জন্য যায় আশিক। এ সময় আল-আমিন ও তার ছেলে রিফাত নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আশিকের ঘাড়ে বাঁশ দিয়ে সজোরে আঘাত করে তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় আশিক।
আরও পড়ুন: মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনার পর বাবা ও ছেলে পালিয়ে গেছে। আশিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
৩৭৬ দিন আগে
মাগুরায় বাসচাপায় স্কুলছাত্র নিহত
মাগুরায় বাসচাপায় মিনহাজুল নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে টেক্সটাই মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজুল ইসলাম তাসিন মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের রবিউল ইসলাম ছেলে।
আরও পড়ুন: গাজীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে মাগুরা শহরে আসার পথে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসচাপায় তাসিন নামে ওই স্কুলছাত্র নিহত হন।
মাগুরা সদর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।’
৪৩৩ দিন আগে
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় ঘটনাটি ঘটে।
ইদ্রিস আলী মধ্য গড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বাড়ির বিদুৎ লাইন থেকে সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ইদ্রিস।
হাতিবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলি পাঠানো হয়েছে।
৪৩৮ দিন আগে
চুয়াডাঙ্গায় স্কুলছাত্র অপহরণ-হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গা স্কুলছাত্র মাহফুজ আলম সজিবকে (১৫) অপহরণ করে হত্যার দায়ে মামুন (৩০) নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন।
মাহফুজ চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
আরও পড়ুন: হাইকোর্টেও ‘সিরিয়াল কিলার’ রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল
মামলা সূত্রে জানা যায়, আসামি মো. মামুনসহ চারজন ২০১৬ সালের ২৯ জুলাই দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলম সজিবকে অপরহরণ করে। তারপর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিয়ে পরিবারের লোকজন বিষয়টি পুলিশ ও র্যাবকে জানায়। পরে অপরহণের দুদিন পর মাহফুজের লাশ চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় নিহত সজিবের মামা মো. আব্দুল হালিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মামুনসহ চারজনকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর মামলার তিনজন আসামি ক্রসফায়ারে নিহত হন। জীবিত থাকে একমাত্র মো. মামুন। সে দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেন।
মামলার মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শরীফ উদ্দিন হাসু বলেন, ‘রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।’
আরও পড়ুন: ইয়াছিন হত্যাকাণ্ড: এক ভাইয়ের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন
কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড
৬০৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রের লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অষ্টম শ্রেণির স্কুলছাত্রের এক চোখ উপড়ানো লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার পীরপুর হাট চাতাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন (১৪) পীরপুর এলাকার মজিদুল ইসলামের ছেলে ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: নাটোরে এমপি শিমুলের পুড়ে যাওয়া বাড়ি থেকে ৪ লাশ উদ্ধার
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ইসমাইল নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে পীরপুর হাট চাতাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে ২ এমপি ও শতাধিক আ. লীগ নেতার বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, ৬ জনের লাশ উদ্ধার
৬১৬ দিন আগে